বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবী। তাকে নিয়ে নিউইয়র্কে আয়োজন হচ্ছে বিশেষ একটি অনুষ্ঠান। সেখানে গাইবেন তার মেয়ে ফাহমিদা নবী। অনুষ্ঠানটির নাম ‘সুরের ভুবনে’। সেখানেই এককভাবে সংগীত পরিবেশন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এ অনুষ্ঠানের আয়োজক সুমনা। ১৭ ডিসেম্বর নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
ফাহমিদা নবী জানান, সিনেমায় তার বাবার গাওয়া গানগুলোই তিনি পরিবেশন করবেন, সেই সঙ্গে থাকবে আধুনিক জনপ্রিয় কিছু গান। এসব গানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আমি তো আজ’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’ ইত্যাদি।
ফাহমিদা নবী বলেন, ‘এর আগে অনেকবার যুক্তরাষ্ট্রে আসা হয়েছে আমার। নানা ধরনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছি। কিন্তু এবারই প্রথম আমার আব্বাকে নিয়ে এ ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে বিধায় নিজের ভেতর সত্যিই একটা অন্য রকম সুখ আর শান্তি কাজ করছে। আব্বা তো নেই বহু বছর। কিন্তু তার গান এখনো তাকে ভক্ত দর্শকের মাঝে বাঁচিয়ে রেখেছে। দেশের বাইরেও, বিশেষ করে যুক্তরাষ্ট্রেও আব্বার এত ভক্ত দর্শক আছে, তা আমাকে সত্যিই পুলকিত করে। অনুষ্ঠানে আব্বার গান তো গাইবই, সেই সঙ্গে আমার নিজের কয়েকটা মৌলিক গানও গাইব। গানে গানে সবাইকে মুগ্ধ করার পরম চেষ্টা থাকবে।’










