চারদিকে কেবল পুষ্পা পুষ্পা। সুকুমার পরিচালিত ও আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি ভারত মাতাচ্ছে। মুক্তির পর পরই ভেঙেছে একের পর এক রেকর্ড। সব মিলিয়ে চারদিকে এখন পুষ্পারই জয়গান চলছে।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির পর প্রথম দিনই বিশ্বব্যাপী আয় করেছে ২০০ কোটি রুপির বেশি। যেকোনো সিনেমার জন্য এটা বড় অর্জন। তবে পুষ্পা এত আয় করবে, এটা অনেকেই ভেবেছিলেন। কেননা সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে।

হিন্দুস্তান টাইমসের গতকালের প্রতিবেদন অনুসারে, এ সিনেমা তিনদিনে (বৃহস্পতি-শনিবার) সারা বিশ্ব থেকে আয় করেছে ৬০০ কোটি রুপি। তারা বক্স অফিস ও ভারতীয় সিনেমার বাজার বিশেষজ্ঞ রমেশ বালার বরাত দিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, সিনেমাটি এরই মধ্যে বিশ্ববাজার থেকে আয় করেছে ৬০০ কোটি রুপির বেশি। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’ প্রথম দিনে আয় করেছে ২৯৪ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় দিনের আয় যথাক্রমে ১৫৫ ও ১৫১ কোটি রুপি।
গতকাল রোববার ভারতের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ দিনও পুষ্পার আয় না কমার সম্ভাবনাই জানিয়েছেন সবাই। ধারণা করা হয়েছে, সিনেমাটি চতুর্থ দিনও আয় করবে প্রায় ১৫০ কোটি রুপির বেশি। ভারতের বক্স অফিস বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সাচনিল্ক জানাচ্ছে, সিনেমাটি চারদিনে মোট আয় করবে ৭৮০ কোটি রুপির মতো।
এসবের মধ্য দিয়ে একের পর এক রেকর্ড ভেঙেছে পুষ্পা: দ্য রুল। সিনেমাটি বলিউডের সাম্প্রতিক হিট সিনেমাগুলোর রেকর্ড ভেঙেছে। সর্বশেষ বলিউডে তোলপাড় করেছিল ‘জওয়ান’। শাহরুখ খান অভিনীত এ সিনেমাকে প্রথম তিনদিনে বারবার অতিক্রম করেছে পুষ্পা। হিন্দি ভার্সন থেকে পুষ্পার তিনদিনের আয় যথাক্রমে ৭২ কোটি, ৫৯ কোটি ও ৭৪ কোটি রুপি। বিপরীতে জওয়ানের আয় ছিল যথাক্রমে ৬৫ কোটি ৫০ লাখ, ৪৬ কোটি ২৩ লাখ ও ৬৮ কোটি ৭২ লাখ রুপি। তিনদিনে সিনেমাটি হিন্দি থেকেই আয় করেছে ২০৫ কোটি রুপি। জওয়ান আয় করেছিল ১৮০ কোটি রুপি।
বিষয়টি গুরুত্বপূর্ণ, কেননা তেলেগু সিনেমা হিন্দিভাষী অঞ্চলে কম আয় করে। কিন্তু পুষ্পা নিয়ে দর্শকের আগ্রহ এত বেশি ছিল যে এটি বেশি আয় করতে পেরেছে। বরং দেখা যাচ্ছে, হিন্দিতে ৭৪ কোটি রুপি
আয় করলেও সিনেমাটি তেলেগুভাষী অঞ্চল থেকে আয় করেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। মালয়ালমে মাত্র দেড় কোটি ও কন্নড়ভাষী অঞ্চলে ৮০ লাখ রুপি।
এছাড়া সিনেমাটি ‘বাহুবলী টু’, ‘কেজিএফ’ ও ‘আরআরআর’-এর রেকর্ড ভেঙে চুরমার করেছে। তবে সেখানে অনেকে অন্য একটি বিষয় তুলে ধরেছেন। বাহুবলী বা আরআরআরের তুলনায় পুষ্পার টিকিটের দাম অনেক বেশি। বিশেষত বাহুবলী টু দেখতে যে পরিমাণ দর্শক এসেছিল, পুষ্পা টু দেখতে তত দর্শক আসেনি। আবার ২০১৭ সালের তুলনায় মূল্যস্ফীতি এখন বেশি বলে আয়ও দেখা যাচ্ছে বেশি।
তবে সেসব যা-ই হোক, সিনেমাটি যে ব্লকবাস্টার তাতে সন্দেহ নেই। প্রতিদিন গড়ে ২০০ কোটি রুপি আয় করা পুষ্পা: দ্য রুল ভারত শাসন করছে, তাতে সন্দেহ নেই।










