চার বছর আগে প্রকাশিত সালমার কণ্ঠে গাওয়া গান ‘পিরিতের ঘর’। আবারো আলোচনায় এসেছে গানটি। এটি ২০২১ সালে সালমা মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হলেও সম্প্রতি নতুন করে শ্রোতাদের আগ্রহ কাড়ছে। তারেক আনন্দের লেখা এবং সজীব দাসের সুর ও সংগীতে গানটি গেয়েছেন সালমা।
গীতিকার তারেক আনন্দ সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে গানটি শেয়ার করে জানান, এটি ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে এবং সালমার কণ্ঠ সবসময়ই আলাদা আবেদন তৈরি করে। জীবনঘনিষ্ঠ কথার কারণে গানটি সালমার নিজের কাছেও বিশেষভাবে প্রিয়। অনেক শ্রোতা এ গানের ভেতর নিজেদের জীবনের গল্প খুঁজে পান বলেও মনে করা হচ্ছে।
সালমার ভাবনার কেন্দ্রে এখন শুধুই গান। বর্তমানে তিনি স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। গত শনিবার তিনি কক্সবাজারে একটি স্টেজ শোয়ে গান পরিবেশন করেছেন, যেখানে তার সঙ্গে ছিলেন সাব্বির জামান। এর আগে সাভারের আশুলিয়ায়ও একটি শোয়ে অংশ নেন তিনি।
নিজের বর্তমান ভাবনা প্রসঙ্গে সালমা জানান, এখন তিনি জীবন নিয়ে বড় কোনো পরিকল্পনা করেন না। আল্লাহ যেভাবে ভালো রেখেছেন, সেভাবেই ভালো থাকার চেষ্টা করছেন। তার প্রধান লক্ষ্য সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এবং নিজের গানকে লালন করা। গান গেয়েই তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন বলে গানকেই আঁকড়ে ধরে থাকতে চান। নতুন নতুন গান শ্রোতা-দর্শককে উপহার দেয়ার পাশাপাশি স্টেজ শোয়েও গান দিয়ে মুগ্ধতা ছড়াতে চান তিনি। চলার পথে সবার সহযোগিতাও কামনা করেন এ শিল্পী।
এদিকে কিছুদিন আগে সালমা নিজের ফেসবুকে একটি পোস্টে জানান, তার গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় গান হলো ভালোবাসি। গানটি লিখেছেন এ মিজান, সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। ২০২১ সালে সালমা মিউজিক চ্যানেলে প্রকাশিত এ গানেও তিনি শ্রোতাদের কাছ থেকে অন্য রকম সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন। বিরহধর্মী এমন আরো গান গাইতে আগ্রহী তিনি।










