হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের মঞ্চে এ বছর লেখা হলো নুতন ইতিহাস। ২০২৬ সালের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রায়ান কুগলারের ঐতিহাসিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত হরর সিনেমা সিনার্স। মনোনয়নের সংখ্যার দিক থেকে পূর্ববর্তী রেকর্ড ভেঙে সিনেমাটি নিজেকে নতুন মানদণ্ডে স্থাপন করেছে।

বৃহস্পতিবার রাতে ঘোষিত মনোনয়নে সিনার্স একক কোনো চলচ্চিত্র হিসেবে সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে। অস্কারের ইতিহাসে এর আগে সর্বোচ্চ ১৪টি করে মনোনয়ন পেয়েছিল বিশ্ববিখ্যাত সিনেমা ‘অল অ্যাবাউট ইভ’, ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’। সেই দীর্ঘদিনের রেকর্ড ভেঙে এবার শীর্ষে উঠে এল কুগলারের চলচ্চিত্রটি।

সিএনএনের প্রতিবেদনে জানায়, ‘সিনার্স মনোনয়ন পেয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যসহ প্রধান সব বিভাগে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য মাইকেল বি. জর্ডান সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। পাশাপাশি পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ওয়ুনমি মোসাকু ও ডেলরয় লিন্ডো পেয়েছেন অস্কার মনোনয়ন, যা সিনেমাটির অভিনয় শক্তিকেই আরো জোরালোভাবে সামনে এনেছে।

মনোনয়নের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমা। এটি পেয়েছে মোট ১৩টি মনোনয়ন। সিনেমাটির গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী তেয়ানা টেলর সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ওয়ুনমি মোসাকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ডেলরয় লিন্ডোর সঙ্গে লড়াই করবেন এ সিনেমার শন পেন ও বেনিসিও দেল তোরো।

এ বছরের অস্কার মনোনীতদের নাম ঘোষণা করেন অভিনেতা লুইস পুলম্যান ও ‘দ্য কালার পার্পল’-এর অস্কার মনোনীত অভিনেত্রী ড্যানিয়েল ব্রুকস। আগামী ১৫ মার্চ এবিসি চ্যানেলে সম্প্রচার হবে ৯৮তম অস্কার। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ব্রায়েন।

সেরা চলচ্চিত্র

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে সিনার্স, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ‘বুগোনিয়া’, ‘এফ১’, ‘ফ্রাংকেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ও ‘ট্রেন ড্রিমস’।

সেরা পরিচালক

ক্লোয়ি ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম), পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), জোয়াকিম ট্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু) ও রায়ান কুগলার (সিনার্স)।

প্রধান ভূমিকায় সেরা অভিনেত্রী

জেসি বাকলি (হ্যামনেট), রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনাতে রেইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু), এমা স্টোন (বুগোনিয়া)

প্রধান ভূমিকায় সেরা অভিনেতা

টিমোথি শালামেতে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি. জর্ডান (সিনার্স), ওয়াগনার মউরা (দ্য সিক্রেট এজেন্ট)

পার্শ্ব ভূমিকায় সেরা অভিনেত্রী

এল ফ্যানিং ও ইঙ্গা ইবসডটার লিলেআস (সেন্টিমেন্টাল ভ্যালু), অ্যামি ম্যাডিগান (উইপনস), ওয়ুনমি মোসাকু (সিনার্স) ও তেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

পার্শ্ব ভূমিকায় সেরা অভিনেতা

বেনিসিও দেল তোরো ও শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), জ্যাকব এলর্ডি (ফ্রাংকেনস্টাইন), ডেলরয় লিন্ডো (সিনার্স), স্টেলান স্কারসগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে সিনার্স। রেকর্ডসংখ্যক মনোনয়ন, শক্তিশালী অভিনয় ও কারিগরি সাফল্যের কারণে সিনেমাটি এরই মধ্যে অস্কার মৌসুমের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আগামী ১৫ মার্চ পুরস্কারের রাতে এ প্রভাব কতটা বাস্তবে প্রতিফলিত হয়।