দাঙ্গালখ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম সম্প্রতি কাশ্মীরের বাসিন্দাদের দুর্দশার কথা জানাতে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। তিনি এ পোস্টে কাশ্মীরবাসীর অস্তিত্ব কীভাবে টিকে আছে এবং তাদের কষ্টের কথা উল্লেখ করেছেন।

জাইরা লিখেছেন, ‘কাশ্মীর আশা ও হতাশা—এ দুয়ের মধ্য দিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। দেশটি এমন এক অবস্থায় রয়েছে, যেখানে আমাদের স্বাধীনতার ওপর বিধিনিষেধ স্থাপন করা খুব সহজ।’

‘আমাদের কণ্ঠস্বর থামিয়ে রাখা এত সহজ কেন? আমাদের মত প্রকাশের স্বাধীনতা হ্রাস করা এত সহজ কেন? আমাদের ইচ্ছার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেয়া হয়, সেগুলোর বিপরীতে আমরা কেন আমাদের মতামত জানাতে পারি না?’—ওই লেখায় তিনি এ রকম একাধিক প্রশ্ন তুলেছেন।

সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী মোবাইল ইন্টারনেট সেবা, সেলুলার নেটওয়ার্ক, ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড সংযোগসহ সব ধরনের পরিষেবা গত ২৫ জানুয়ারি থেকে আবার কাশ্মীরে চালু হয়েছে। সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেয়ার পর ৫ আগস্ট থেকে দেশটিতে এসব পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

শ্রীনগরে জন্ম নেয়া উনিশ বছর বয়সী এ অভিনেত্রী কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, ‘এ রকম উত্তরহীন কয়েকশ প্রশ্ন আমাদের বিস্মিত ও হতাশ করে রেখেছে। আমাদের এ হতাশার কোনো ফল খুঁজে পাওয়া যায় না। কর্তৃপক্ষ আমাদের সন্দেহ ও জল্পনা-কল্পনা বন্ধে সামান্যতম চেষ্টাও করে না। অথচ দ্বান্দ্বিক ও নিথর একটি জগতে আমাদের অস্তিত্বকে আবদ্ধ করতে তাদের চেষ্টার কমতি নেই।’

দাঙ্গালকন্যা জাইরা গত বছর তার অভিনয় জীবনকে বিদায় জানান। অভিনয় তার বিশ্বাস ও ধর্মে বাধা দিচ্ছে বলে ফেসবুক পেজে একটি লেখা শেয়ার করে আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে বিদায় নেন এ অভিনেত্রী।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস