ওটিটি প্লাটফর্মে আলোচিত দুই সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এরপর এবার বড় পর্দায় ফিরছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। নতুন সিনেমার নাম ‘দেলুপি’।
তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। ২০২২ সালে মুক্তি পাওয়া তার প্রথম সিরিজ ‘শাটিকাপ’ রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। স্থানীয় উচ্চারণ, সংস্কৃতি ও বাস্তব জীবনের উপস্থাপনায় নির্মিত সিরিজটি দর্শক সমালোচকদের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে তার দ্বিতীয় কাজ ‘সিনপাট’। গল্পের গঠন, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্সের কারণে সেটিও ব্যাপক সাড়া ফেলে। পরপর দুই সফল ওয়েব সিরিজের পর এবার তাওকীরের নতুন যাত্রা বড় পর্দায়, সিনেমা ‘দেলুপি’ নিয়ে।
তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তৈরি করেছেন একটি কাল্পনিক বাস্তবতা। তার ভাষায়, ‘আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। দেলুপি মূলত সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল সত্যিকার অনুভূতি তুলে ধরা।’
নির্মাতা আরো বলেন, ‘দেলুপির গল্প শুধু একটি অঞ্চলের নয়, বরং দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী—সবকিছুতেই স্থানীয় পরিবেশ ও মানুষকে প্রাধান্য দেয়া হয়েছে। গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি।’
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। প্রযোজনা প্রতিষ্ঠানের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় ঘোষণা দেয়া হয় তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেলুপির।
নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার প্রত্যাশা, বড় পর্দায়ও দর্শক দেলুপিকে ঠিক তেমনভাবেই ভালোবাসবেন, যেমনটি তারা ভালোবেসেছেন শাটিকাপ ও সিনপাটকে। তাওকীর বলেন, ‘আমার কাছে মাধ্যম নয়, গল্পটাই মুখ্য। দেলুপি সেই গল্প—যেখানে মানুষ আছে, মাটি আছে, সত্যিকারের জীবনের স্পর্শ আছে।’










