হলিউডে সিনেমার ধারা বদলে দিয়েছিলেন জেমস ক্যামেরন। সিনেমায় যখন চলতি ধারা অনুসরণ করা হচ্ছিল, তিনি সেখান থেকে সরে গিয়ে এতে যুক্ত করেন প্রযুক্তি। আজও তিনি ‘টাইটানিক’-এর জন্য বেশি পরিচিত। কিন্তু ‘জওস’, ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’ তারই কীর্তি। সর্বশেষ সবাইকে অবাক করেছেন ‘অ্যাভাটার’ ফ্ল্যাঞ্চাইজি দিয়ে। ২০০৯ সালে এ সিনেমা হলিউড সিনেমার মানচিত্র বদলে দিয়েছিল। এরপর ২০২২ সালে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছিল আরো এক ধাপ এগিয়ে। এবার তিনি আনছেন ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকমহলে সাড়া পড়ে গেছে। ব্লকবাস্টার হতে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সম্প্রতি ক্যামেরন জানালেন, ব্লকবাস্টার সিনেমা পেতে হলে বাজেট কমানো প্রয়োজন।

ক্যামেরন সম্প্রতি অংশ নিয়েছিলেন বজ টু দ্য ফিউচার পডকাস্টে। সেখানেই তিনি সিনেমার বাজেট নিয়ে কথা বলেন। ক্যামেরন চেষ্টা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিনেমার বাজেট কমাবেন। তিনি বলেন, ‘আগের দিনে হলে আমি কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতাম সমাধানের। এখন মনে হয় এর বাইরেও কাজটা করা যায়। আমি কখনো বহু টাকা কামানোর চিন্তা করিনি। সবসময় চেয়েছি কেমন করে সিনেমাটা ঠিকঠাক নির্মাণ করা যায়। এখন সবাই ভিএফএক্স নিয়ে ভাবছে। সেখানেই খরচ বেড়ে যাচ্ছে।’

এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে ভিএফএক্সেই বেশি খরচ হয়। তাই দেখা যায়, বক্স অফিসে ভালো আয় করলেও নির্মাণ খরচের কারণে সিনেমাকে ব্লকবাস্টার বলা যায় না। ক্যামেরন বলেন, ‘এখন যে সিনেমাগুলো নির্মাণ করা হয়, কমবেশি সবাই সিজিআই-নির্ভর। ডুনের দুই পর্ব দেখেছি আমরা। এমন সব সিনেমায়ই কম্পিউটার জেনারেটেড ইমেজ ব্যবহার হয়। খরচও বেড়ে যায় অনেক। এ জায়গায় আমরা খরচ কমাতে পারি। কেমন করে সেটা করা যায়, তা নিয়েই ভাবতে হবে। বাজেট কমালে ব্লকবাস্টার পাওয়া সহজ হবে।’

সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়েও তিনি কথা বলেন। এখন কর্মী কমানো হচ্ছে। সেক্ষেত্রে ক্যামেরনের মত হলো, কর্মী কমালে সেখানে কর্মঠ ও অভিজ্ঞ কর্মী নিয়ে কাজ দ্রুত করানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাপ করতে গিয়ে বলেন, ‘এখন মনে করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এলে তা সাধারণ মানুষের চাকরি খেয়ে দেবে। কিন্তু আমার মনে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা অন্য রকম হওয়া উচিত। সে মানুষকে বাদ দেবে না, বরং মানুষকে সাহায্য করবে।’ তবে কৃত্রিম বুদ্ধিমত্তা যে অনেক কাজই করতে পারে, তা নিয়ে সন্দেহ নেই ক্যামেরনের। তিনি বলেন, ‘এখন থেকে ২০ বছর পর সেরা চিত্রনাট্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অস্কার পেতে পারে। বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত আমাদের।’

সূত্র: ভ্যারাইটি