উপস্থাপিকা হিসেবেই পরিচিত নীল হুরেজাহান। বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই উপস্থাপনায় অনবদ্য তিনি। একজন উপস্থাপিকা হিসেবেই তার ব্যস্ততা থাকে বছরজুড়ে। তবে মাঝে মাঝে জনপ্রিয় এ উপস্থাপিকাকে অভিনয়েও দেখা যায়। যার শুরু হয়েছিল আফজাল হোসেন ও সুবর্ণা মোস্তফার মতো গুণী দুই শিল্পীর সঙ্গে। মাঝে মাঝে অভিনয়ের দুনিয়ায় এসে নিজের অভিনয় দিয়ে আলো ছড়িয়ে যান নীল হুরেজাহান।

কিছুদিন আগেই বিঞ্জে প্রকাশ পেল রিয়াদ মাহমুদ পরিচালিত ও নীল অভিনীত ওয়েব ফিল্ম ‘সেকশন ৩০২’। একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রচারে আসার পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এ চরিত্রে অভিনয়ের জন্য। তবে এর আগে দীপ্ত প্লেতে প্রকাশিত ফরহাদ আহমেদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন নীল হুরেজাহান। এ দুই ওয়েব ফিল্মের পর অভিনয় নিয়ে একটু সিরিয়াসলি ভাবছেন তিনি।

নীল হুরেজাহান বলেন, ‘গল্প ও চরিত্র ভালো হওয়ার পাশাপাশি পুরো টিমওয়ার্কটা যদি ভালো হয়, তাহলে অভিনয়ে নিয়মিত থাকার ইচ্ছে আছে। যে কারণে সামনে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কিছু ভালো প্রজেক্টে কাজ করার পরিকল্পনা চলছে। তবে একজন উপস্থাপিকা হিসেবেই নিজের মধ্যে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস খুঁজে পাই আমি। যখন আমার হাতে মাইক্রোফোন থাকে, তখন নিজেকে বেশ প্রাণবন্ত মনে হয়। মনে হয়, এ কাজই আমি সবচেয়ে বেশি ভালো করতে পারি। বিভিন্ন ধরনের স্টেজ শো (করপোরেট, গভর্নমেন্ট) করতে হয় আমাকে। যখন আমার ওপর পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়, তখন সফলভাবে তা সম্পন্ন করার পর নিজের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। তবে আমার মনে হয়, উপস্থাপনা বেশি করি বলেই অভিনয়ের প্রস্তাবটা কম আসে। কিন্তু আমি অভিনয়টা নিয়মিত করতে চাই ভালো গল্প ও ভালো চরিত্র হওয়ার শর্তে।’ নীল হুরেজাহান বর্তমানে চ্যানেল টোয়েন্টি ফোরের ‘ইটস অ্যামেজিং’, একুশে টিভির ‘রূপলাবণ্য’ ও নাগরিক টিভিতে একটি স্পোর্ট শোয়ের উপস্থাপনা করছেন। এছাড়া নিয়মিত স্টেজ শো রয়েছে। শিরোনামহীনের ‘অবেলায় ২’-এর মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। শিগগিরই গানটি প্রকাশ পাবে। এছাড়া দেশসেরা চেক-ইনফ্লুয়েন্সারদের নিয়ে নীলের উপস্থাপনায় ছয় পর্বের ‘টেক শো’ প্রচারে আসবে ১০০০ফিক্সের পেজ থেকে।