হলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’। এর পাঁচটি সিনেমায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। এরপর সিনেমা হয়নি। পাশাপাশি অ্যাম্বার হার্ডের সঙ্গে জনি ডেপের মামলার কারণেও এ ফ্র্যাঞ্চাইজিসহ জনির অভিনয় ক্যারিয়ারই প্রশ্নের মুখে পড়ে যায়। তবে এবার ধারণা করা হচ্ছে, জনি আবারো ফিরতে পারেন এ চরিত্রে। ফ্র্যাঞ্চাইজির প্রযোজক জেরি বাকহাইমার নিজেই এ কথা জানালেন।
সম্প্রতি এন্টারটেইনমেন্ট উইকলির সঙ্গে এক সাক্ষাৎকারে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান নিয়ে কথা বলেন জেরি। সেখানে তিনি জানান যে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের বিষয়ে তার কথা হয়েছে। নতুন সিনেমায় তাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন জেরি। এছাড়া তিনি জানান যে ক্যাপ্টেন স্প্যারোর ফেরার বিষয়ে তিনি ইতিবাচক।
এন্টারটেইনমেন্ট উইকলিকে বাকহাইমার বলেন, ‘গল্পটা যেভাবে লেখা হয়েছে, আমার ধারণা জনি তা পছন্দ করবেন। আর পছন্দ করলে তিনি সিনেমায় অভিনয়ও করবেন। খসড়া গল্পটা আমাদের হাতে আছে। আমরা চিত্রনাট্য নিয়ে কাজ করছি। সিনেমাটা আমরা করতে চাই। এর জন্য প্রয়োজন ভালো একটা চিত্রনাট্য। সেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি। কিন্তু আমরা কাজ করছি।’
২০০৩ সালে ফ্র্যাঞ্চাইজি শুরু হয়ে ২০১৭ সাল পর্যন্ত পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের নাম চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। প্রতিটি সিনেমাই ৬৫ কোটি ডলারের বেশি আয় করেছে।
এছাড়া ২০০৬ সালে মুক্তি পাওয়া ডেড ম্যানস চেস্ট ও ২০১১ সালে মুক্তি পাওয়া অন স্ট্রেঞ্জার টাইডস উভয় সিনেমাই আয় করেছিল ১০০ কোটি ডলারের বেশি।
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের নতুন সিনেমা নিয়ে অনেকদিন ধরেই আলাপ চলছিল। ২০২০ সালে ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে এ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে বলা হয়েছিল সিনেমাটিতে অভিনয় করবেন মার্গো রবি। মূলত নারীকেন্দ্রিক সিনেমা হওয়ার কথা ছিল সেটি। এরপর প্রায় পাঁচ বছর কেটে গেছে। তাই নতুন করে নতুনভাবেই সিনেমাটি নির্মাণের চিন্তা করছেন প্রযোজক।
সূত্র : ভ্যারাইটি









