চার বছর আগে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। ৩০০-এর বেশি পর্ব প্রচার হয়েছে এ নাটকের। দর্শকের চাহিদার কারণে এবার এ ধারাবাহিকের সিজন ২ পর্দায় আনছে মাছরাঙা টেলিভিশন। আজ প্রচার শুরু হবে এ সিজনের। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, চাষী ইসলাম, সাঈদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সালহা খানম নাদিয়া, শামীমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, মিষ্টি ঘোষ, মারুফ মিঠু, রিমু খন্দকার, আনোয়ার হোসাইন, হানিফ পালোয়ান, অর্পন, মাসুদ হারুন প্রমুখ।
গত নাটকের শেষের দিকে যে মানুষগুলো অফলাইনে চলে গিয়েছিল তাদের ভেতর সব থেকে বড় নাম কনা। এ গল্পের শুরুতেই কনা ফিরে আসে। ফিরে এসেই সে রন্টুকে খুঁজতে থাকে। রিশাদের সঙ্গে দেখা হয় তার। দেখা হয় রকির সঙ্গেও। কিন্তু কেউ তাকে রন্টুর খোঁজ দেয় না। অবশেষে রন্টুই জানতে পারে, কনা এসেছে তার খোঁজে। সে যেন পাগল হয়ে যায় তার কাছে যাওয়ার জন্য, কনা তখন অপহরণকারীদের কাছে। সেখান থেকে নানা চেষ্টা করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে রন্টু। কিন্তু কনা কি সেই আগের কনা আছে? না নেই। দুজনের মাঝে বিরাট একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় তার অতীত। এভাবেই চলতে থাকে গল্প।
ধারাবাহিকটি সম্পর্কে পরিচালক সাগর জাহান বলেন, ‘এটি মূলত একটি ট্রেন্ডি প্রডাকশন। গল্পে অনেক টুইস্ট আছে। প্রথম সিজনের মতো এ সিজনও দর্শককে আনন্দ দেবে। আসলে দর্শকের ভালোবাসা থেকেই সিজন ২ করার উৎসাহ পেয়েছি। আমার বিশ্বাস এবারো দর্শকের মন জয় করবে।’










