নতুন বছর ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন ভাবনা ও পরিকল্পনা। পুরনো বছরের অভিজ্ঞতা পেছনে রেখে সামনে এগিয়ে যেতে চান শিল্পীরা। ভালো ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। কয়েকজন শোবিজ তারকা বণিক বার্তাকে জানিয়েছেন তাদের নতুন বছরের পরিকল্পনা ও প্রত্যাশার কথা। তাদের এ পরিকল্পনার কথা শুনেছেন অহিদুর রহমান

নতুন বছরে দর্শকদের জন্য রইল ভালোবাসা ও শুভকামনা। জীবন খুব ছোট, তাই এই অল্প সময়ে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, আক্রমণ কিংবা অন্যের ক্ষতি না করে সবাই মিলে ভালো থাকার চেষ্টা করা জরুরি। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করি। নতুন বছরে সবার জন্য অনেক ভালোবাসা। কাজের ব্যাপারে যদি বলি, আমি যেহেতু একজন অভিনেত্রী, আমার পক্ষে আগেভাগে পরিকল্পনা করে কাজ করা সম্ভব নয়। নতুন বছরে আমি শুধু ভালো কাজের প্রত্যাশা করতে পারি। আমার কাজের ধরন এমনই। আমার কাছে যে কাজের প্রস্তাব আসে—যেগুলোর গল্প ও চরিত্র আমার ভালো লাগে, সেগুলোর সঙ্গেই আমি যুক্ত হই। ২০ বছর ধরে এভাবেই কাজ করে আসছি এবং সামনের সময়গুলোতেও আমার কাজের ধরন এটাই থাকবে। নতুন বছরে ভালো গল্প ও শক্তিশালী চরিত্রে কাজ করার প্রত্যাশা রইল।