২০১৬ সালে প্রকাশিত কথাসাহিত্যিক মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘মস্ত বড়লোক’ এবার রূপ নিচ্ছে বড় পর্দায়। উপন্যাসটির কাহিনী অবলম্বনে একই নামে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করছেন আঁকা রেজা গালিব। ২০২২-২৩ অর্থবছরের শিশুতোষ শাখায় সরকারি অনুদান পাওয়া সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে, বর্তমানে চলছে সম্পাদনার কাজ।
মস্ত বড়লোক সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে সিরাজ নামের এক কিশোরকে ঘিরে। গ্রামের গরিব খেতমজুরের ছেলে সিরাজের চোখে বড়লোক হওয়ার স্বপ্ন। হাইস্কুল পেরিয়ে সে স্বপ্ন পূরণের লক্ষ্যেই ছুটে আসে রাজধানীতে। এখানে তার খালা একজন গৃহকর্মী এবং খালু কাজ করেন একটি অ্যাপার্টমেন্ট ভবনের দারোয়ান হিসেবে। তাদের বস্তিঘরে আশ্রয় পায় সিরাজ আর শুরু হয় তার সংগ্রামের নতুন অধ্যায়।
নগর জীবনে টিকে থাকতে ও অর্থোপার্জনের আশায় সিরাজ পথে-ঘাটে খুঁজতে থাকে সৌভাগ্যের চাবিকাঠি। প্রতিদিনই সে মজার ও কঠিন বাস্তবতার মুখোমুখি হয় এবং এক পর্যায়ে প্রতারণার ফাঁদেও পড়ে যায়। একসময় তার জীবনে আসে মোড় ঘোরানো একটি সুযোগ। এক ধনী পরিবারের মানসিক প্রতিবন্ধী ছেলেকে সেবা করার কাজ পায় সে। সে যুবকই তাকে শেখায় বিদ্রোহের ভাষা। বড়লোক মনিবের পাগলামি ও নির্যাতন যখন মাত্রা ছাড়ায়, তখন একদিন সত্যিই বিদ্রোহ করে বসে সিরাজ। অনেক টাকার মালিক হওয়ার হাতছানি ফিরিয়ে দিয়ে সে ফের নেমে পড়ে জীবনের সংগ্রামে, নগরের রাস্তায়।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিপু পাল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আকাশ হোসেন। আরো আছেন প্রান্তর দস্তিদার, এ কে আজাদ সেতু, সানজানা মেহরিন, শম্পা রেজা, সুব্রত ফারদিন, করভি মিজান ও শিশুশিল্পী সুবাইতা।
নির্মাতা আঁকা রেজা গালিব জানান, ‘মঞ্জু সরকারের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। চেষ্টা করেছি গল্পটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আকাশ হোসেনসহ সব অভিনয়শিল্পী খুব ভালো করেছেন।’
সিনেমাটি মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি সরকারি অনুদানের সিনেমা। তাই মুক্তির আগে মন্ত্রণালয়ের অনুমতির একটা বিষয় আছে। শুটিং শেষে এখন কালার ও মিউজিকের কাজ চলছে। চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব সব কাজ শেষ করে মন্ত্রণালয়ে জমা দেয়ার। সেখান থেকে অনুমতি পেলেই মুক্তির দিনক্ষণ নিয়ে পরিকল্পনা করব।’










