দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদান, শক্তিশালী অভিনয়শৈলী ও শিল্পে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আহমেদ শরীফ একজন অনন্য ব্যক্তিত্ব। ভিলেন, চরিত্রাভিনেতা কিংবা বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে নিয়েছেন। তার অভিনয়জীবনের অসংখ্য স্মরণীয় চরিত্র বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।
নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত থাকবেন।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও যৌথভাবে আয়োজন করেছে এ বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল, সার্বিক সহযোগিতায় আছে আমেরিকান বাংলাদেশী প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—তিন ক্যাটাগরিতে নির্মিত বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে তিন দিনব্যাপী। এ আয়োজনে এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার দেয়া হবে।
মূল আয়োজনের আগে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথম দিন প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। দ্বিতীয় দিন থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’, ‘দি ইটারনাল জার্নি’ ও মিশুক মনিরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। তৃতীয় দিন প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’।










