আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা নিয়মিত আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে থাকে প্রদর্শনী, নাটক ও অন্যান্য আয়োজন। এবার আসছে একটি নাটক। প্রাণবন্ত এ নাটকের নাম ‘সং অব হকারস’। এটি কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসের মাধ্যমে রাস্তার হকারদের জীবনধারাকে তুলে ধরে। নাটকটি নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা যাযি আয়ুন। নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।
যাযি আয়ুনের দীর্ঘদিনের আগ্রহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। সে আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন বাংলাদেশী হকারদের চঞ্চল, বর্ণিল ও কর্মচঞ্চল জগৎ—যারা শহরের রাস্তায় ঘুরে ঘুরে নানা পণ্যের ডাক দিয়ে শহরের ছন্দ সৃষ্টি করেন।
নাটকটি তিনটি ছোট গল্পের মাধ্যমে বিন্যস্ত—দ্য সিক্রেট, দ্য থিফ রিওয়ার্ডেড ও দ্য কম্পিটিশন। এর মধ্যে কৌতুক, ব্যঙ্গ ও অদ্ভুততার মিশেলে রচিত হয়েছে এক অনন্য ভিজুয়াল গল্পকথন। বাংলা ও ভাঙা ভাঙা ইংরেজির সংমিশ্রণে সংলাপ পরিবেশনের মাধ্যমে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে থিয়েটার, নৃত্য, পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিকসের চমৎকার এক সমন্বয়। চরিত্রগুলো তাদের অসম্পূর্ণতা ও হাস্যরস দিয়ে মন ছুঁয়ে যায়, ঠিক যেমন বাস্তব জীবনের মানুষজন।
নাটকটির প্রেরণা এসেছে ঊনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল (Grand Guignol) থেকে। এ ধারায় শারীরিক অভিব্যক্তি ও অতিরঞ্জিত অভিনয়ের মাধ্যমে বাস্তবতাকে রূপায়িত করে। সে হিসেবে বলা যায়, প্রযোজনাটি কেবল একটি কমেডি নয়, বরং এক ধরনের শ্রদ্ধার্ঘ্য। যারা প্রতিদিন আমাদের শহরের পথঘাটে ফেরি করে ফেরে, সাশ্রয়ী ও সহজলভ্য পণ্য নিয়ে এবং যাদের অনর্গল ডাক আমাদের জীবনে এক ধরনের অনির্দেশ্য কাব্যিকতা যোগ করে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াস।
নাটকটিতে মঞ্চে থাকবেন ইমাম হোসেন, এমএস রানা, পিকে ফজল ও সুরাইয়া টি মৌ। ৮ ও ৯ আগস্ট মঞ্চায়ন হবে নাটকটির। ১ ঘণ্টার নাটকটি দেখতে পারবেন যে কেউ। তবে আসন সংখ্যা সীমিত হওয়ার জন্য ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আসন বিন্যাস করা হবে।










