ফেলুদাকে নিয়ে বহু সিনেমা ও সিরিজ হয়েছে। সর্বশেষ সংযোজনে ছিলেন সৃজিত মুখার্জি। তিনি টোটা রায়চৌধুরীর হাতে তুলে দিয়েছিলেন চারমিনার। নির্মাণ করেছেন সিনেমা ও সিরিজ। ২০ ডিসেম্বর থেকে স্ট্রিম হবে ‘ভূস্বর্গ ভয়ংকর’। এ সিরিজের ট্রেলার মুক্তি দিয়ে সৃজিত জানালেন, ফেলুদাকে নিয়ে তিনি আর চলচ্চিত্র নির্মাণ করবেন না। ওয়েব সিরিজ় ভূস্বর্গ ভয়ংকর হবে তার শেষ কাজ। এর মধ্য দিয়ে ফেলুদা চরিত্রে টোটা রায়চৌধুরীর যাত্রা শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হলো।
টোটা রায়চৌধুরীকে নিয়ে যে সময় সৃজিত ফেলুদা শুরু করেন, সে সময় টোটার ক্যারিয়ার পড়তি দশায়। সেখান থেকে ফেলুদা হিসেবে প্রশংসা পেয়েছেন টোটা। ফলে সৃজিত এ সিরিজ না করায় স্বাভাবিকভাবেই তার মন খারাপ। এ নিয়ে তিনি বলেন, ‘খুব মন খারাপ। সৃজিত যখন আমার ওপর ভরসা দেখিয়েছিল, তখন বাংলা বিনোদন দুনিয়ায় আমার কোনো কাজ নেই। টলিউড থেকে নিজেকে গুটিয়ে নেয়ার কথা ভাবছি। সে সময় ‘‘ফেলুদা’’ চরিত্রের জন্য ডাক। সৃজিতের জন্য সে সময় কলকাতায় থেকে গিয়েছিলাম।’
টোটা জানান, তিনি মনে করেছিলেন এ চরিত্রে আরো কাজ করার সুযোগ হবে তার। কেননা যেভাবে সৃজিতের পরিচালনায় তার অভিনয় দর্শক পছন্দ করেছে, সে সুযোগ এত দ্রুত শেষ হবে তা বুঝতে পারেননি টোটা।
তবে নির্মাতাকে সিরিজ বানাতে অনুরোধ করেছিলেন টোটা। অভিনেতা বলেন, ‘এ নিয়ে তাকে বলেছি। তার পরিপ্রেক্ষিতে সৃজিত যা যুক্তি দেখিয়েছে, সেটাও অস্বীকার করার মতো নয়।’
মূলত বাজেটের কারণেই সিরিজ নির্মাণ থেকে সরে যাচ্ছেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ভূস্বর্গ ভয়ংকর বাজেটের বাইরে গিয়ে করা কাজ। সাধারণত বাংলায় সিরিজ়ের এত ব়ড় বাজেট হয় না। এরপর সিরিজ বানাতে গেলে খরচ আরো বাড়বে। কিন্তু সেটা করা মানে প্রযোজকদের ওপর অযথা চাপ সৃষ্টি করা, যা সৃজিত করতে চান না। ফলে টোটাও জোর করতে পারছেন না। তা হলে টোটারও কাজ করার সুযোগ থাকছে না। তিনি বলেন, ‘সৃজিত সরে যাওয়া মানে, ‘‘ফেলুদা’’কে আগামী দিনে শুধুই বড় পর্দায় দেখা যাবে, যার স্বত্বাধিকারী একমাত্র পরিচালক সন্দীপ রায়।’
সন্দীর রায় এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা তৈরি করেছেন ফেলুদা চরিত্রে ইন্দ্রনীল ঘোষকে নিয়ে। সুতরাং সেখানে টোটার সুযোগ হবে না। তাই বলা যায়, এবারই হয়তো টোটা রায়চৌধুরীকে শেষবারের মতো ফেলুদার চরিত্রে দেখা যাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










