হলিউডে এ সপ্তাহে বক্স অফিস মাতাচ্ছে থান্ডারবোল্টস। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা এটি। অ্যাভেঞ্জার্স ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজির নানা চরিত্র নিয়ে সাজানো হয়েছে থান্ডারবোল্টস টিম। সেখানে ব্ল্যাক উইডো চরিত্রে আছেন ফ্লোরেন্স পিউ। নাতাশা রোমানফের বিদায়ের পর ইয়েলেনা বেলোভা এখন ব্ল্যাক উইডো। বলা যায়, থান্ডারবোল্টস টিম তারই নেতৃত্বে। এরপর আসছে অ্যাভেঞ্জার্স: ডুমসডে। এ সিনেমায়ও থাকছেন ফ্লোরেন্স। সিনেমাটি নিয়ে তিনি উচ্ছ্বসিত। তবে এর পেছনে আছে বিশেষ একটি কারণ। তিনি পেদ্রো প্যাসকেল ও পল রাডের সঙ্গে অভিনয় করা নিয়ে সাগ্রহে অপেক্ষা করছেন।
ভ্যারাইটির সঙ্গে কথোপকথনে পিউ বলেন, ‘আমি খুবই উত্তেজিত। সিনেমায় অনেক তারকা ও অভিনেতা আছেন, যাদের সঙ্গে অভিনয় করতে পারা সৌভাগ্যের বিষয়। এর মধ্যে পেদ্রো প্যাসকেলের নাম আলাদা করে বলার মতো। এছাড়া পল রাডের সঙ্গে অভিনয় নিয়েও আমি উচ্ছ্বসিত। এই সব মানুষ একই সিনেমায় থাকছেন, এটা আরো বড় বিষয়।’
পেদ্রো প্যাসকেল অ্যাভেঞ্জার্স: ডুমসডে দিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হচ্ছেন। আসন্ন ‘ফ্যান্টাস্টিক ‘ফোর: দ্য ফার্স্ট স্টেপস’-এ তাকে দেখা যাবে মিস্টার ফ্যান্টাস্টিক চরিত্রে। এমসিইউ (মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স) তার ষষ্ঠ পর্যায়ের সিনেমাটি আনছে। পল রাড এবারো ফিরবেন অ্যান্ট-ম্যান চরিত্রে।
এদিকে ফ্লোরেন্স পিউয়ের মার্ভেল অভিষেক হয়েছিল ২০২১ সালের ব্ল্যাক উইডো দিয়ে। কভিড-১৯ অতিমারীর সময় মুক্তি পেলেও সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। নাতাশা রোমানফ ও ব্ল্যাক উইডোর গল্পটা বলে শেষ হয়েছিল এ সিনেমা। এছাড়া ব্ল্যাক উইডোর জায়গা পিউ নিচ্ছেন, তা নিশ্চিত হয়েছিল এ সিনেমার মাধ্যমেই।
ফ্লোরেন্স পিউ থান্ডারবোল্টসে ভালো অভিনয় করেছেন। নাতাশা রোমানফ চরিত্রে অভিনয় করেছিলেন স্কারলেট জোহানসন। তাকে টেক্কা দেয়া সম্ভব নয়, কিন্তু নতুন ব্ল্যাক উইডো হিসেবে পিউকে পছন্দই করেছেন দর্শক। অ্যাভেঞ্জার্স: ডুমসডেতেও এ ভালো লাগা তিনি ধরে রাখবেন বলেই মনে হয়।
সূত্র: ইয়ন










