সময়ের অন্যতম জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের বেশ কয়েকটি জনপ্রিয় নাটক রয়েছে। এরই মধ্যে বিনোদন দুনিয়ায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন এ জুটি। এবারের ঈদে নতুন একটি নাটক নিয়ে এলেন এ জুটি।
বেশ সিরিয়াস চরিত্র, অথচ মজার! এমন সম্মিলন সচরাচর ঘটে না। যেমন ঘটনা নিয়ে আসছে ঈদে হাজির হচ্ছেন নির্মাতা ইমরোজ শাওন।
তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে নিয়ে নির্মাণ করেছেন সিএমভির ঈদ স্পেশাল নাটক ‘ব্রেকিং নিউজ’। গল্প ভাবনা নির্মাতার হলেও এর চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ।
নির্মাতা শাওন জানান, নাটকটির গল্প এগোবে শহরের শীর্ষ সন্ত্রাসী ইফতি ও ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়াকে ঘিরে। বলা যায়, সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার টানাপড়েন উঠে আসবে প্রেম ও পরাজয়ের মোড়কে। চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাইয়ারা তটিনী।
তৌসিফ-তটিনী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আছেন মুকিত জাকারিয়াসহ অনেকে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্রেকিং নিউজ’সহ রোজার ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পাচ্ছে ২০টি বিশেষ নাটক, যা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে।










