সুপারম্যানের সাফল্যের পর আশা জাগাচ্ছে ডিসির সিনেমা। এর আগেই রবার্ট প্যাটিনসন অভিনীত ব্যাটম্যান ভালো করেছিল বক্স অফিসে। সিনেমার সিকুয়ালও তার পর পরই ঘোষণা করা হয়। কিন্তু সিনেমাটি পিছিয়েছে কয়েকবার। তবে এরপর নিশ্চিত করা হয়েছে যে ব্যাটম্যানের চিত্রনাট্য এগিয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন। বলা হচ্ছিল, ব্যাটম্যানের দ্বিতীয় সিনেমায় যুক্ত হবে রবিন। মূলত কমিকপ্রেমীদের কাছে রবিন খুবই প্রিয় চরিত্র। ব্যাটম্যানের সঙ্গে তাকে দেখতেও পছন্দ করে। তাই ম্যাট রিভসের দ্বিতীয় ব্যাটম্যানে রবিনকে দেখার ইচ্ছা মূলত দর্শক ভক্তদেরই। কিন্তু সম্প্রতি জেমস গান জানালেন যে ব্যাটম্যানের নতুন সিনেমায় রবিনের থাকার কোনো সম্ভাবনা নেই।

সুপারম্যানের প্রচারণার জন্য জেমন গান সম্প্রতি দর্শকের সঙ্গে অনেক সময় সরাসরিই কথা বলেছেন। সেখানেও তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে। তাকে প্রশ্ন করার একটি কারণ হলো গান এখন ডিসি স্টুডিওর সহপরিচালক। কিন্তু তিনি একাধিকবারই এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কিন্তু ভক্তরা তো মানতে নারাজ। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন গান।

জেমস গান লেখেন, ‘আপনারা এ বোকা গুঞ্জন বিশ্বাস করবেন না। আমার ধারণা, আমরা অন্তত ছয়জন চিত্রনাট্যটি পড়েছি। তারা ব্যাটম্যান টুয়ে এমন কোনো বিষয় পাননি।’

ম্যাট রিভসের ব্যাটম্যান মূলত ডিসি ইউনিভার্সের বাইরে রিভসের নিজস্ব নির্মাণ। তবে ডিসি থাকছে সিনেমাটির সঙ্গে। এদিকে ডিসি তাদের ইউনিভার্সে ব্যাটম্যানকে নিয়ে আলাদা সিনেমা নির্মাণ করবে এবং সেখানে রবিনের চরিত্র থাকার কথা আছে। সে কারণেও ম্যাট রিভসের ব্যাটম্যানে রবিন থাকার সম্ভাবনা শূন্য।

এদিকে ম্যাট রিভসের সিনেমার শুটিং এখনো শুরু হয়নি। জানানো হয়েছে, ২০২৬ সালের শুরুর দিকে এর শুটিং শুরু হবে এবং সিনেমাটি অক্টোবরে মুক্তির সম্ভাবনা রয়েছে। কিন্তু এ সিনেমার গল্পে কী থাকতে পারে?

ব্যাটম্যানের সিকুয়াল নিয়ে এখনো তেমন কোনো তথ্য প্রকাশ করেনি ডিসি বা ওয়ার্নার ব্রোস। ম্যাট রিভসও নিশ্চুপ। কেউই স্পষ্ট করে জানেন না সিনেমাটি দ্বিতীয় সিনেমার গল্পের লেজুড় ধরে সরাসরি সিকুয়াল হবে, নাকি একটা নির্দিষ্ট সময় বাদ দিয়ে তার পরের গল্প বলা হবে। তবে রিভস তার নানা সাক্ষাৎকারে বলেছিলেন, এবার ব্যাটম্যান তুলনামূলক কম আলোচিত খল চরিত্রের বিরুদ্ধে লড়বে।

ব্যাটম্যানের দ্বিতীয় সিনেমার কাস্টিং নিয়ে জানানো হচ্ছে, এবারো ব্যাটম্যানের চরিত্রে থাকছেন রবার্ট প্যাটিনসন। আলফ্রেডের চরিত্রে অ্যান্ডি সার্কিস ও গর্ডনের চরিত্রে জেফ্রি রাই। ক্যাটওম্যান হয়ে ক্যামিও করতে পারেন জোয়ি ক্র্যাভিটজ এবং কলিন ফেরেলকে দেখা যেতে পারে পেঙ্গুইন চরিত্রে।

সূত্র: ইয়ন