নতুন বছর ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন ভাবনা ও পরিকল্পনা। পুরনো বছরের অভিজ্ঞতা পেছনে রেখে সামনে এগিয়ে যেতে চান শিল্পীরা। ভালো ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। কয়েকজন শোবিজ তারকা বণিক বার্তাকে জানিয়েছেন তাদের নতুন বছরের পরিকল্পনা ও প্রত্যাশার কথা। তাদের এ পরিকল্পনার কথা শুনেছেন অহিদুর রহমান

২০২৬-এর শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। যে যেখানে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটান। নতুন বছর নিয়ে বলতে গেলে পরিকল্পনা করে আমার কখনো কাজ করা হয় না, এগিয়ে যাওয়াও হয় না। কারণ অনেক সময় পরিকল্পনার বাইরেও নানা কিছু ঘটে যায়। তবে যে কাজই আসুক, সেটি ঠিকঠাকভাবে করার চেষ্টা করি। হোক সেটা নতুন গান, টিভি শো, স্টেজ শো, প্লে-ব্যাক কিংবা সিঙ্গেল—সব কাজেই আমি শতভাগ সততার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি আজীবন। সামনের দিনগুলোতেও সেই চেষ্টা থাকবে। আর এখন থেকে জীবনের সব বিষয়ে আরো বেশি পজিটিভ থাকার চেষ্টা করব। মানুষ হিসেবে আরো ভালো মানুষ হওয়ার চেষ্টাই আমার সবচেয়ে বড় প্রত্যয়।