পাতার বাঁশরি মূলত একটি প্রেমের গান, যেখানে প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার হৃদয়ের টান অনুভব করেন এক প্রেমিক। নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসার গল্প উঠে এসেছে গানের কথায়। ভালোবাসার টান, অপেক্ষা আর মনের না বলা কথাগুলোই এ গানের মূল সুর।
গানের পাশাপাশি এর মিউজিক ভিডিওটিও দর্শকের নজর কাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভিডিওর শুটিং হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়। গানের গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই বেছে নেয়া হয়েছে এ লোকেশন। পুরনো দিনের স্থাপনা আর প্রকৃতির শান্ত পরিবেশ প্রেমের গল্পটিকে দিয়েছে বাড়তি মাত্রা।
প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা আর দূরে থাকার কষ্ট—এ দুই অনুভূতিই ধরা পড়েছে গানটিতে। সহজ ভাষায় তুলে ধরা হয়েছে ভালোবাসার ছোট ছোট মুহূর্ত। গানের কথা, সুর আর দুই শিল্পীর কণ্ঠে ফুটে উঠেছে ভালোবাসা ও বিরহের মিশ্র অনুভূতি, যা অনেক শ্রোতাকেই মনে করিয়ে দিতে পারে নিজের ভালোবাসার গল্প।
গতকাল সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার সব অফিশিয়াল চ্যানেলে মুক্তি পায় গানটি। সব ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্মেও শোনা যাচ্ছে পাতার বাঁশরি।










