সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। রাজনীতি থেকে শুরু করে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শোকবার্তায় ভরে উঠেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরাও তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশের কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বণিক বার্তাকে জানিয়েছেন শোক প্রতিক্রিয়া—

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার জীবনের ব্রত ও সংগ্রাম আমাকে অভিভূত করেছে। তিনি ছিলেন আপসহীন এক নেত্রী। শত প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে কখনো সরে আসেননি। আপস না করার এ মানসিকতাই তাকে অনেক উচ্চশিখরে পৌঁছে দিয়েছে। তার জীবনের এ বৈশিষ্ট্য আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে। বেগম খালেদা জিয়া দেশকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। দেশকে ভালোবাসতেন বলেই তিনি কখনো দেশ ছেড়ে যাননি। তার একমাত্র ঠিকানা ছিল বাংলাদেশ।