নভেল করোনাভাইরাস সংকটের মধ্যে সিনেমা হলগুলো বন্ধ হওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রি। মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি চলচ্চিত্র স্থগিত করা হয়েছে। তবে সিনেমা হল বন্ধ থাকায় ডিজিটাল ওটিটি প্লাটফর্মগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানী অভিনীত ‘লক্ষ্মী বম্ব’
সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। রাঘভ লরেন্স পরিচালিত এ সিনেমার শুটিং গত মার্চে শেষ হয়েছে।
মিড ডের এক প্রতিবেদন অনুসারে, চলচ্চিত্রটির নির্মাতারা ডিজিটাল প্লাটফর্মে ছবিটি মুক্তি দেয়ার জন্য ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে আলোচনা করছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তির বিষয়ে অক্ষয়, পরিচালক রাঘভ ও নির্মাতাদের মধ্যে বিতর্ক হয়েছে। ছবিটির পোস্ট প্রোডাকশনের অনেক কাজ এখনো বাকি এবং জুনের মধ্যে ছবিটির কাজ পুরোপুরি শেষ করতে দলের সবাই বাড়ি থেকে কাজ করছেন।
সূত্রমতে, ‘অক্ষয় নিশ্চিত করতে চান যে বিনিয়োগকৃত কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং সিনেমাটি ব্যাপকভাবে যেন দর্শকদের কাছে পৌঁছে যায়। যদিও ডিজনি প্লাস এবং হটস্টার বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু ভারতের ছোট ছোট শহরে সিনেমাটির প্রচার করা তাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
সূত্রটি আরো বলেছে, ‘যদিও বর্তমানে ৩ মে পর্যন্ত লকডাউন চলছে, তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে থিয়েটারগুলো আরো বেশ কিছুদিন বন্ধ থাকতে পারে। এ পরিস্থিতিতে, সিনেমাটি সরাসরি ওয়েব প্রকাশের কথা বিবেচনা করতে পারেন নির্মাতারা।’
‘লক্ষ্মী বম্ব’
সিনেমাটি তামিল হরর-কমেডি, ‘মুনি ২: কাঞ্চনা’-এর রিমেক। সিনেমাটির শুটিং গত বছর শুরু হয়েছিল। সিনেমাটিতে অক্ষয় এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যে কিনা একজন হিজড়া ভূতের কবলে পড়েছে। এ কারণে সিনেমাটিতে বিভিন্ন মজার পরিস্থিতি তৈরি হয়। ২০২০ সালের ২২ মে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। তবে লকডাউনের কারণে এখন নির্মাতারা ছবিটি মুক্তির জন্য আলাদা কোনো পথও বেছে নিতে পারেন।
সূত্র: পিংকভিলা










