‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৫’-এ নাটক মঞ্চস্থ করছে স্বপ্নদল। শিক্ষাগুরুদের প্রতি আন্তরিক সম্মান জানাতে ও শিক্ষার্থীর অসামান্য শ্রদ্ধাজ্ঞাপনের স্মারক হিসেবে ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ মঞ্চায়ন হচ্ছে। ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটি দেখতে পারবেন দর্শক। ‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।