বর্তমান সময়ে নাটকের শীর্ষ অভিনেত্রীদের একজন মেহজাবীন চৌধুরী। তবে নাটকে অভিনয় করার পাশাপাশি ভিন্নধর্মী নানা মাধ্যমে উপস্থিতি রয়েছে তার। এ অভিনেত্রী এবার আসছেন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫’ সিজনের বিচারক হিসেবে।
২০১০ সালে একই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে পেছনে ফেলে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন।
২০১০ সালের ২২ জানুয়ারি ছিল তার জীবনের সেই স্মরণীয় দিন, যা প্রতি বছরই মেহজাবীন বিশেষভাবে স্মরণ করেন। মডেল হিসেবেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এবার শিগগিরই শুরু হতে যাওয়া লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর পুরো সিজনেরই বিচারক হিসেবে থাকবেন মেহজাবীন। প্রতিযোগীর পর্যায় থেকে একই রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘যে প্লাটফর্ম আমার জীবনের টার্নিং পয়েন্ট, সেই একই প্লাটফর্মে আমি বিচারক হিসেবে থাকছি। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা অর্জন এবং একটা দায়িত্বও বটে। বিচারকদের দায়িত্ব সঠিক মানুষকে খুঁজে আনা, সে দায়িত্ব এখন আমার কাঁধেও। আমি সততার সঙ্গে খুব ভালোভাবে সেটুকু পালন করার চেষ্টা করব। সত্যি বলতে কি, নিজের ভেতর অনেক ভালো লাগা কাজ করছে। জয়া আপা, রায়হান রাফী ভাইয়ার সঙ্গে আমিও একজন বিচারক হিসেবে থাকতে পেরে ভীষণ সম্মানীত বোধ করছি। আশা করছি এবারের আয়োজন অনেক ভালো হবে এবং একজন সঠিক প্রতিযোগীকেই নির্বাচন করতে পারব।’ ২০১৮ সালে সর্বশেষ লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা সম্পন্ন হয়, যাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন মিম মানতাশা। সাত বছর বিরতির পর তা আবারো শুরু হতে যাচ্ছে। ৬ মে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮-২৭ বছরের মেয়েরা এতে অংশগ্রহণ করতে পারবেন।










