সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। রাজনীতি থেকে শুরু করে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শোকবার্তায় ভরে উঠেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরাও তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশের কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বণিক বার্তাকে জানিয়েছেন শোক প্রতিক্রিয়া—

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার ও জীবনযাত্রা ছিল দূরদর্শী ও গৌরবোজ্জ্বল। বাংলাদেশের জন্য তার বহু অর্জন ও অবদান রয়েছে। শেষ পর্যন্ত তিনি যে অবস্থান থেকে পৃথিবী ছেড়ে গেছেন, তাতে বাংলাদেশের প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছে, ভালোবাসা দিচ্ছে। আমার কাছে মনে হয়, একজন লিডারের মৃত্যু এমনই হওয়া উচিত। একজন প্রকৃত লিডার হবেন সেই মানুষ, যিনি দেশের মানুষের জন্য কাজ করবেন। আর যখন দেশ তাকে হারাবে, তখন দেশের জনগণ এভাবেই শোক করবে। বেগম খালেদা জিয়া আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বিশেষ করে নারীদের জন্য তিনি অসংখ্য কাজ করেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।