মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’। তার নিজ হাতে গড়া এ বাড়ি। বড় আদরের সম্পদ। বহু মানুষের স্বপ্নের বাড়িও বলা যায় মান্নাতকে। ২৫ বছরের বেশি সময় ধরে মান্নাতে থাকছেন তিনি ও তার পরিবার। কিন্তু এবার সে বাড়িটি সাময়িকভাবে ছাড়ছেন শাহরুখ। উঠবেন একটি অ্যাপার্টমেন্টে। বিষয়টি অবাক করার মতো। কিন্তু মূলত মান্নাতকে আরো সুন্দর করতেই এ ব্যবস্থা।
মান্নাতে বেশকিছু সংস্কারের কাজ হবে। এ কারণেই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে। একটি সূত্র থেকে জানা গেছে, মান্নাত বেশকিছুটা বড় করা হবে। এছাড়া আরো কয়েকটি ফ্লোর যোগ হবে এ বাংলোয়। সেজন্য শাহরুখকে আদালতের অনুমতিও নিতে হয়েছিল। এরই মধ্যে কিছুটা কাজও শুরু হয়ে গেছে। আরো ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সবাইকে নিয়ে বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই সে সময়টুকুর জন্য তারা অন্য জায়গায় থাকবেন।
আরো জানা গেছে, শাহরুখ খান, স্ত্রী গৌরী খান ও তাদের সন্তানরা অর্থাৎ আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারতলায় থাকবেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। এর জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে দিতে হবে খান পরিবারকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










