চলচ্চিত্র নির্মাতা গোলাম রাব্বানীর চতুর্থ চলচ্চিত্র ‘নিশি’। সম্প্রতি চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছে। এটি প্রযোজনা করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া, সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্ক ঢাকা।

সিনেমাটির সহপরিচালক হিসেবে কাজ করেছেন জহিরুল ইসলাম। নিশির গল্পে দেখা যাবে, একজন চা শ্রমিকের কন্যা সন্তানের পড়াশোনা পানির সংকটের কারণে বন্ধ হয়ে যায়। এরপর বাড়িতে একটি টিউবওয়েল দেয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।

সিনেমাটির পোস্ট প্রডাকশন কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লড ফিল্ম স্কুলে, যেখানে চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র যার পোস্ট প্রডাকশন লডস ফিল্ম স্কুলে হয়েছে। সিনেমার চিত্রগ্রহণ করেছেন ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

শুটিং হয়েছে সিলেটের একটি চা বাগানে, যেখানে অভিনয় করেছেন বাগানের শ্রমিকরা। গোলাম রাব্বানী জানান, সিনেমাটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে এবং শিগগিরই বাংলাদেশেও প্রদর্শিত হবে। এর আগে তার চলচ্চিত্র ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে। চলচ্চিত্রটি সমাজের বাস্তব সমস্যা যেমন শিশু শ্রম, পানি সংকট ও ন্যায়বিচারের অভাব তুলে ধরার চেষ্টা করেছে। পরিচালক আশা করছেন, নিশি দর্শকের মনে গভীর প্রভাব ফেলবে এবং সমাজে সচেতনতা তৈরিতে সহায়ক হবে।