ভারতীয় কন্নড় সিনেমার সুপারস্টার যশ। জন্মদিনেই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা টক্সিক-এর টিজার। প্রায় তিন বছর পর যশের ফেরা মানেই বাড়তি অ্যাকশন। আড়াই মিনিটের এ টিজার গড়পড়তা বাণিজ্যিক ছবির চেয়েও বেশি উত্তেজনা ছড়িয়েছে।
ব্যস্ত ও ঘটনাবহুল টিজারে যশকে দেখা গেছে ‘রায়া’ চরিত্রে। ৩ মিনিটেরও কম সময়ে একের পর এক অ্যাকশন দৃশ্য, স্টাইল আর রোমান্স সব মিলিয়ে দর্শকের চোখ ফেরানোর সুযোগ নেই। কেভিএন প্রডাকশন্স সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করে। এর আগেও গত বছর যশের জন্মদিনে ছবিটির একটি ছোট টিজার প্রকাশিত হয়েছিল। এবারের টিজারটি তারই বর্ধিত রূপ। টিজারে দেখা যায়, একটি কবরস্থানে মাফিয়া চক্রের সমাবেশ। হঠাৎ একটি দাফন ভ্যানে করে রায়ার আগমন। এর পরই শুরু হয় বিস্ফোরণ, গুলিবর্ষণ আর রক্তক্ষয়ী অ্যাকশন। ধোঁয়ার ভেতর থেকে সিগার হাতে বেরিয়ে এসে যশ বলেন—‘ড্যাডি ইজ ব্যাক’।
টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বসিত ভক্তরা। কেউ লিখেছেন, ‘পুরো হলিউড ভাইবস।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এটা যশ বসের এলাকা।’ দর্শকের কেউ কেউ রণবীর সিংয়ের ধুরন্ধর ছবিকেও খোঁচা দিতে ছাড়েননি। এর আগে ছবিটির ফার্স্ট লুকে কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়াকে দেখা গেছে। ছবিতে আরো অভিনয় করছেন নয়নতারা ও অক্ষয় ওবেরয়।
ভেঙ্কট কে নারায়ণা ও যশের প্রযোজনায় নির্মিত টক্সিক মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। সিনেমাটি সেদিনই বক্স অফিসে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর টু-এর সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










