সিনেমা ও টিভি সিরিজের অভিনেত্রী মিশেল ট্র্যাকটেনবার্গ। তাকে দেখা গেছে ‘গসিপ গার্ল’ ও ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’-এ। ২৬ ফেব্রুয়ারি মারা গেছেন তিনি। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় তার বাড়ি থেকে। ম্যানহাটনে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন মিশেল। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সর্বপ্রথম তার মৃত্যুর খবরটি জানায়। সম্প্রতি মিশেলের লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল। শারীরিক ধকল ও ক্লান্তিতে ভুগছিলেন তিনি। মৃত্যুর কারণ হিসেবে পুলিশ কোনো রকম অপরাধমূলক ঘটনার আলামত পায়নি।

একটি বিবৃতিতে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, তারা একটি জরুরি ফোনকল পেয়ে মিশেলের অ্যাপার্টমেন্টে যায়। সেখানে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পুলিশের সঙ্গে থাকা জরুরি মেডিকেল টিম মিশেলকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে।

গতকাল তার মুখপাত্র গ্যারি মানতুস বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি মিশেল ট্র্যাকটেনবার্গ মারা গেছেন। তার পরিবার বিষয়টি যতটা সম্ভব গোপন রাখতে চায়। এ বিষয়ে এখন বেশি কিছু জানানো যাচ্ছে না।’

মিশেলের জন্ম নিউইয়র্কে ১৯৮৫ সালের ১১ অক্টোবর। তিনি অল্প বয়সেই অভিনয় শুরু করেন। মাত্র তিন বছর বয়সে বিজ্ঞাপনে অভিনয় করার পর এক সময় টেলিভিশনে আসেন। নিকলোডেয়নের সিরিজ ‘দ্য অ্যাডভেঞ্চারস অব পিট অ্যান্ড পিট’ তার প্রথম সিরিজ। নব্বইয়ের দশকের মাঝামাঝি এটি প্রচার হয়। ১৯৯৬ সালে মাত্র ১১ বছর বয়সে ‘হ্যারিয়েট দ্য স্পাই’-এ তাকে দেখা গিয়েছিল। সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ দিয়ে। এছাড়া টিনএজ ড্রামা গসিপ গার্ল চলেছে ২০০৭-১২ সাল পর্যন্ত।

সূত্র: ভ্যারাইটি