অভিনেতা জিতেন্দ্রর বয়স এখন ৮৩ বছর। বলিউডে তিনি স্বনামে পরিচিত। হিট সিনেমার পাশাপাশি তিনি দিয়েছেন অনেক জনপ্রিয় গান ও নাচের স্টেপ। তাকে অনুসরণ করেছেন পরের প্রজন্মের অনেক অভিনেতা। কয়েক বছর আগে তিনি বিয়েল এস্টেট ব্যবসায় নাম লিখিয়েছেন। তবে নিজেকে গড়পড়তা বিল্ডার বলতে নারাজ তিনি। এমনকি ব্যবসায়ীদের তিনি ধূর্ত মনে করেন। অন্যদিকে সিনেমা ইন্ডাস্ট্রির মানুষকে মনে করেন আবেগী। সম্প্রতি ভিশনারি স্টুডিওজ নামের একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে কথোপকথনে তিনি এ কথা বলেন।

জিতেন্দ্র বলেন, ‘আমি গড়পড়তা বিল্ডারদের মতো নই। তারা একটা প্রপার্টি তৈরির আগেই তা বিক্রি করে। আমি সে রকম কোনো কাজ করি না। আমি ঠিক করেছিলাম আগে কাজ শেষ করব তারপর বিক্রি করব। এ কারণে চাইলে আমাকে বোকা ব্যবসায়ী বলা যায়।’

জিতেন্দ্র দীর্ঘ পাঁচ দশক অভিনয় করেছেন। একজন বোকা লোকের পক্ষে বলিউডে টিকে থাকা সম্ভব নয়। এ নিয়ে তিনি বলেন, ‘আমি ৫০ বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আমার মনে হয়, সেখানকার মানুষ অনেক ভালো। এত ভালো মানুষ আমি জীবনে কমই দেখেছি। এত মধুর ব্যবহার অন্য কোথাও মেলে না। তারা সহজ-সরলও। সিনেমার সঙ্গে যুক্ত মানুষেরা সহজ-সরল হয়। তারা আবেগের বশে বেশির ভাগ সিদ্ধান্ত নিয়ে থাকে।’

জিতেন্দ্র বলতে চান, তিনি ব্যবসায় এসে ব্যবসা ও সিনেমার মানুষের মধ্যে ভিন্নতা দেখেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘মানুষ খুব চালাক। কেবল চালাক নয়, তারা ধূর্ত। সিনেমার মানুষেরা আবেগী, কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসায় মানুষ ধূর্ততার সঙ্গে সব করে। তবে এখানেও ভালো লোক আছেন। যারা দিনের পর দিন কাজ করে নিজেদের সুনাম অর্জন করেছেন। মানুষ তাদের ভালো জানে। তাদের বিশ্বাস করে। অন্যরা প্রতিদিন তার ক্রেতা, গ্রহীতাদের ধোঁকা দেয়। কাজ পূর্ণ করার কথা বলেও করে না।’

তবে জিতেন্দ্র ভালো ব্যবসা করছেন। তিনি মুম্বাইয়ের আন্ধেরী এলাকায় ৮৫৫ কোটি রুপির সম্পত্তি বিক্রি করেছেন। এটি বিক্রির পেছনে কাজ করেছে জিতেন্দ্রর প্যান্থিয়ন বিল্ডকন প্রাইভেট লিমিটেড ও তুষার ইনফ্রা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড। স্কয়ার ইয়ার্ডসের দেয়া তথ্য অনুসারে, এ চুক্তি অনুযায়ী ২ দশমিক ৩৯ একর ভূমি বিক্রি হয়েছে যেখানে তিনটি বিল্ডিং আছে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস