দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে গত কয়েক বছরে তাকে দেশীয় কোনো কাজে তেমন পাওয়া যায়নি বললেই চলে।
এখন দেশের চেয়ে কলকাতার কাজেই বেশি ব্যস্ত থাকেন এ অভিনেত্রী। ভারতের পর্দায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বেশ কয়েকটি ভারতীয় সিনেমায়ও অভিনয় করেছেন। বর্তমানে কলকাতার কাজেই বেশি ব্যস্ত। তবে বিদেশী কাজের মধ্যে থাকলেও বাংলাদেশী দর্শকের জন্য নতুন খবর হলো জয়া আহসান অভিনীত ওয়েব সিরিজ ‘জিম্মি’ শুটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সিরিজটির শুটিং অনেক সময় পিছিয়ে গিয়েছিল। অবশেষে কাজ শুরু হচ্ছে এবং এটি তার প্রথম ওয়েব সিরিজ।
গত মার্চে ঘোষণা এসেছিল আশফাক নিপুণ পরিচালিত এ ওয়েব সিরিজে অভিনয় করবেন জয়া আহসান। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তার কোনো আপডেট পাওয়া যায়নি।
অবশেষে শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিরিজটি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই। জানালেন, চলতি সপ্তাহে শুরু হবে শুটিং।
তিনি বলেন, ‘সিরিজটির কাজ আরো আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে শুরু হচ্ছে। কয়েক দিনের মধ্যে হবে জিম্মি সিরিজের শুটিং। এটা আমার প্রথম ওয়েব সিরিজ।’
সিরিজটিতে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এ টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার চরিত্রটি।
চলতি মাসের শুরুতে ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জামদানিতে আলো ছড়িয়েছেন জয়া আহসান। নতুনভাবে ডিজাইন করা এ শাড়ি পরায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে। বিষয়টি নজর এড়ায়নি তার। কিন্তু সমালোচনায় থামতে চান না তিনি।
বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।










