সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। রাজনীতি থেকে শুরু করে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শোকবার্তায় ভরে উঠেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরাও তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশের কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বণিক বার্তাকে জানিয়েছেন শোক প্রতিক্রিয়া—

খালেদা জিয়াকে আমরা আপসহীন নেত্রী হিসেবে চিনি। তিনি গণতন্ত্রের জন্য নিরলসভাবে যুদ্ধ করেছেন এবং দীর্ঘ সময় রাজপথে সক্রিয় ছিলেন। তার প্রয়াণ একটি বড় শোকবার্তা। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, তবু অসুস্থতার সঙ্গে শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছেন। শারীরিক নানা জটিলতার বিরুদ্ধে সংগ্রাম করতে করতেই তিনি ইন্তেকাল করেছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন। রাজনীতি ও রাজপথে তিনি ছিলেন দৃঢ় ও সক্রিয়। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যেমন দায়িত্বশীল ও সক্রিয় ছিলেন, তেমনি সরকারের বাইরে থাকাকালেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমন সংগ্রামী ও যোদ্ধা মানুষ একটি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।