রাজধানীর সেনাপ্রাঙ্গণে হতে যাচ্ছে দুই দিনব্যাপী ঢাকা ড্রিমস কনসার্ট। ঢাকার সংগীতপ্রেমীদের জন্য এ কনসার্টের আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশনস। এর আগে নব্বইয়ের দশকের জনপ্রিয় চার ব্যান্ড দীর্ঘদিন পর একসঙ্গে মঞ্চ মাতান ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। ঢাকা রেট্রোর সফল আয়োজনের পর এবার হবে ব্লু ব্রিক কমিউনিকেশনসের নতুন কনসার্ট। এ কনসার্টে প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ।
দুই দিনব্যাপী ঢাকা ড্রিমস কনসার্টে পাকিস্তানি ব্যান্ড ছাড়াও গাইবেন দেশীয় ব্যান্ড ও অন্য শিল্পীরা।
মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য পরিচিত কাভিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে এক অন্য রকম উচ্চতা দিয়েছে। তাদের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদী ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১৯৯৮ সালে জাফর জায়েদি ও মাআজ মাওদুদের হাত ধরে গঠিত এ ব্যান্ড। সেমিক্ল্যাসিক্যাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের জন্য বিখ্যাত এ ব্যান্ড । ‘বাচপান’ ও ‘তেরে পেয়ার মে’ গানগুলোর মতো কালজয়ী সুর নিয়ে কাভিশ প্রথমবারের মতো জাদুর শহর ঢাকায় মুগ্ধতা ছড়াতে আসছে। ঢাকা ড্রিমস কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক একদিন কনসার্ট উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে কেউ দুদিন উপভোগ করতে চাইলে তাকে দুটি টিকিট ক্রয় করতে হবে।
কনসার্ট প্রসঙ্গে ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি, যা দর্শকহৃদয়ে দীর্ঘদিন জায়গা করে থাকবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এ কনসার্ট নতুন বছরের অন্যতম সেরা উপহার হবে।’
আয়োজকরা জানান, ১০ ও ১১ জানুয়ারি দুই দিনব্যাপী ঢাকা ড্রিমসের এ কনসার্টের প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ ও জনপ্রিয় ব্যান্ড শূন্যর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে।
দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা ও ঘাসফড়িং কয়ারের পরিবেশনার মাধ্যমে। এদিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব ও ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহানের এক যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশের আরেকটি মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।










