ডিসির ভাগ্য এখন জেমস গানের হাতে। অনেকেই সেটা মনে করেন। তিনি নির্মাণ করছেন ‘সুপারম্যান’। এখন তার কাছে নানা প্রশ্নই আসছে। এর মধ্যে একটা হলো, কে হতে পারেন ওয়ান্ডার ওম্যান। জেমস গান এমনই এক প্রশ্নের উত্তরে আদ্রিয়া আরকোনার নাম করেছেন। তবে তিনি নিশ্চিত করে বলেননি যে আদ্রিয়াকে কাস্ট করা হবে। সম্প্রতি ম্যাগাজিন ‘এক্সট্রা’র সঙ্গে কথোপকথনে আদ্রিয়াকে এ চরিত্রে পছন্দ হওয়ার কথা জানান তিনি।

জেমস গান বলেন, ‘আদ্রিয়াকে আমি ইনস্টাগ্রামে ফলো করি। অনেকে সেটা দেখেই মনে করেছেন আদ্রিয়া ওয়ান্ডার ওম্যান হবেন। এমন কিছু নিশ্চিত নয়। তবে আদ্রিয়াকে ওয়ান্ডার ওম্যান চরিত্রে মানাবে।’

জেমস গানের সঙ্গে আদ্রিয়ার পরিচয় অনেক দিনের। ২০১৬ সালে গানের রচনায় ‘দ্য বেলকো এক্সপেরিমেন্ট’ সিনেমায় অভিনয় করেন আদ্রিয়া। জেমস বলেন, ‘সাত বছর আগে আমি একটা সিনেমা নির্মাণ করেছিলাম। সেখানে আদ্রিয়া অভিনয় করেন। আমরা সে সময় থেকেই বন্ধু। এর পর থেকেই তাকে ফলো করি। এমনিই ফলো করা শুরু করিনি বা কোনো উদ্দেশ্যেও না।’

তবে এ কথা ওঠার কারণও যথেষ্ট। ডিসির সিনেমা নিয়ে গণমাধ্যম আগ্রহী। জেমস গানের নতুন ধরনের ভাবনা ডিসিকে এগিয়ে নেবে এমনটা মনে করেন তারা। জেমস গানের সুপারম্যান মুক্তি পাবে ১১ জুলাই। জুনে তিনি এন্টারটেইনমেন্ট উইকলিকে জানিয়েছিলেন ওয়ান্ডার ওম্যানের চিত্রনাট্য লেখা হচ্ছে। সেখান থেকেই আলোচনা উঠেছে যে ওয়ান্ডার ওম্যান চরিত্রে তাহলে অভিনয় কে করবেন?

আদ্রিয়া আরকোনা অভিনয় করেছেন বেশকিছু সিনেমা ও টেলিভিশন সিরিজে। সিনেমার মধ্যে হিট ম্যান, মরবিয়াস, সিক্স আন্ডারগ্রাউন্ড, ট্রিপল ফ্রন্টিয়ার উল্লেখযোগ্য।

সূত্র: ভ্যারাইটি