মাঠের লড়াইয়ের পাশাপাশি আমাদের দেশের শহর, পাড়া-মহল্লায় চায়ের চুমুকে কিংবা আড্ডায় সমর্থকদের পাগলামি আর আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে চিরন্তন রেষারেষি তো আছেই। সারা বছর ফুটবল নিয়ে এত মাতামাতি না করলেও বিশ্বকাপ এলে যেন ফুটবলপ্রেমীদের মধ্যে এক ভিন্ন আনন্দের মাত্রা যোগ করে। বাঙালির এ খেলার প্রতি ভালোবাসা ও প্রিয় দল নিয়ে অন্য দলের সমর্থকদের ট্রল ক্যামেরার ফ্রেমে বন্দি করেছেন দেশের নির্মাতারা। ডিজিটাল প্লাটফর্মে কোটি কোটি দর্শকের মন জয় করা নতুন ও পুরনো এমনই ছয়টি জনপ্রিয় ফুটবল নাটক নিয়ে আজকের আয়োজন তুলে ধরেছেন অহিদুর রহমান
বউ আর্জেন্টিনা জামাই ব্রাজিল
একই ছাদের নিচে যখন দুই চিরবৈরী দলের সমর্থকের সংসার শুরু হয়, তখন সেই ঘরে শান্তি বজায় থাকাটাই এক বড় চ্যালেঞ্জ। ঠিক এ রকম এক পারিবারিক ও সামাজিক রস টানটান গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বউ আর্জেন্টিনা জামাই ব্রাজিল’। আরএইচ সোহেলের মূল ভাবনা ও লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাখাওয়াত শিবলী। যেখানে যুগল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ আ খ ম হাসান ও মৌসুমী হামিদ।
নাটকের শুরুতেই দেখা যায়, বিয়ের প্রথম রাতেই ওলটপালট হয়ে যায় সবকিছু। টিনা (আর্জেন্টিনা ভক্ত) ও তানজিলের (ব্রাজিল ভক্ত) মাঝে বাসরঘরেই শুরু হয় ফুটবল নিয়ে তুমুল কথাকাটাকাটি। এ ব্যক্তিগত ঝগড়া দ্রুতই দুই পরিবার ছাড়িয়ে পুরো গ্রামের মোড়লদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে গ্রামের শান্তি ফেরাতে স্থানীয় চেয়ারম্যান এক অভিনব ফয়সালা দেন—এবার বিশ্বকাপে মাঠের খেলায় যে দল জিতবে, সে দলের সমর্থকেরই জয় হবে। নাটকটিতে আরো যুক্ত ছিলেন লিজা খানম, মনি কাঞ্চন, মৌমিতা ও দ্বীপসহ একঝাঁক অভিনয়শিল্পী।
ফাউল
খেলার মাঠের সুস্থ প্রতিযোগিতার বাইরে গিয়েও সাধারণ মানুষের একরোখা জেদ এবং পাড়ার টুর্নামেন্টকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতির খেলা চলে, তাকেই যেন কড়া ব্যঙ্গ করেছে নাটকটি। লেজার ভিশনের ব্যানারে অবমুক্ত ‘ফাউল’ নামের বিশেষ কমেডি নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নিয়মকানুনের তোয়াক্কা না করে অন্যায়ভাবে ফাউল করার মানসিকতা এবং স্থানীয় প্রভাবশালীদের কূটচালকে তিনি অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। মোশাররফ করিমের সঙ্গে জেনি ও কচি খন্দকারের নিখুঁত কমিক টাইমিংয়ের কারণে নাটকটি ১ কোটি ২০ লাখ ভিউয়ের এক দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছে।
মহল্লার ওয়ার্ল্ড কাপ
টুর্নামেন্টের মৌসুম এলে কীভাবে একটি শান্তশিষ্ট পুরো মহল্লা রাতারাতি দুই ভাগে ভাগ হয়ে যায় এবং চায়ের দোকান থেকে শুরু করে ঘরের ভেতর পর্যন্ত যুদ্ধক্ষেত্র তৈরি হয়, তারই চেনা গল্প ‘মহল্লার ওয়ার্ল্ড কাপ’। লেজার ভিশনের চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটিতে বর্তমান সময়ের পরিচিত দুই মুখ আরশ খান ও মহিমা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এ নাটকের মূল রসদ হলো ফুটবলকে ঘিরে ছোটদের ও বড়দের মধ্যকার ব্যক্তিগত ইগো, জেদ আর আধিপত্য বিস্তারের লড়াই। তবে নির্মাতা কেবল মাঠের গোল কিংবা ফাউলের মধ্যেই গল্প সীমাবদ্ধ রাখেননি, এর সমান্তরালে তরুণ প্রজন্মের মনের ভেতর চলতে থাকা প্রেম-ভালোবাসার এক মিষ্টি ও মধুর রসায়নও স্ক্রিনে বুনে দিয়েছেন, যা সব ঘরানার দর্শকের মন ছুঁয়ে গেছে।
ঢাকাইয়া ফুটবল
পুরান ঢাকার বিখ্যাত ঐতিহ্য, ভাষা আর সংস্কৃতির সঙ্গে যদি বিশ্বকাপের জোয়ার এসে মেশে, তখন বিনোদনের পারদ যে দ্বিগুণ হবে তা বলাই বাহুল্য। ঠিক এ প্রেক্ষাপটকে উপজীব্য করে সুলতান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বিশেষ নাটক ‘ঢাকাইয়া ফুটবল’। এতে সমকালীন ছোট পর্দার দুই তারকা তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান একসঙ্গে জুটি বেঁধেছেন, আর তাদের সঙ্গে নতুন মুখ হিসেবে আছেন সানজানা রিয়া। সূত্রাপুরের অলিগলিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের যে রেষারেষি, সেটাই এ নাটকের মূল আকর্ষণ। তৌসিফ ও জোভান দুজনেই নিজ নিজ সমর্থক গোষ্ঠীর নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। গল্পে বড় অংকের প্রাইজমানি এবং এলাকার এক বড় ভাইয়ের বাজি ধরাকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ জটিল ও মজাদার রূপ নেয়। তবে সব বৈরিতা ভুলে খেলার আসল স্পিরিট যে দিনশেষে সবাইকে এক করে দেয়, নাটকের সমাপ্তিতে সে সুন্দর বার্তাটিই দেয়া হয়েছে।
ব্যাচেলরস ফুটবল
কোটি বাঙালির ড্রয়িং রুমে হাসির ঝড় তুলে সাড়া ফেলেছিল কাজল আরেফিন অমি পরিচালিত বিশেষ নাটক ‘ব্যাচেলরস ফুটবল’। ধ্রুব টিভির অফিশিয়াল চ্যানেলে এটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় ট্রেন্ডিংয়ের শীর্ষে রাজত্ব করছে এবং এরই মধ্যে এর দর্শক সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ মেগা সিরিয়ালের চরিত্রগুলোর ফুটবল নিয়ে যে পাগলামি, সেটাই এ খণ্ড নাটকে আরো বড় ক্যানভাসে তুলে ধরা হয়েছে। মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও মিশু সাব্বিরদের দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া এবং মাঠের লড়াইয়ে নামার দৃশ্যগুলো ছিল চরম উত্তেজনার। ব্যাচেলরদের এ ফুটবল উন্মাদনা এখনো দর্শকের কাছে এক দারুণ নস্টালজিয়া।
পাড়ার বিশ্বকাপ
বিশ্বকাপের ছোঁয়া লাগলে আমাদের পাড়া-মহল্লার চেহারা যে কতটা বদলে যায় এবং সাধারণ মানুষ কতটা মরিয়া হয়ে ওঠে, তার এক নিখাদ রূপায়ণ নাটকটি। আরটিভি ড্রামা সিরিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এ নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, সাব্বির অর্ণব, মাহিমা, রকি খান ও সাহেলা আক্তার। গল্পের মোড় ঘোরে এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। একটি বিয়ের আলাপ-আলোচনা চলাকালীন হঠাৎ প্রকাশ পায় পাত্র ব্রাজিলের ভক্ত আর পাত্রী আর্জেন্টিনার কট্টর সমর্থক। মতের অমিল হওয়ায় বিয়ের আয়োজন মাঝপথেই ভেস্তে যায়! এরপর শুরু হয় পাড়াজুড়ে দুই পক্ষের শ্রেষ্ঠত্ব প্রমাণের মহোৎসব। আকাশ ছোঁয়া পতাকা টাঙানো, দেয়ালে দেয়ালে প্রিয় দলের রঙ মাখানো এবং একে অন্যকে টেক্কা দেয়ার এ হাস্যরসাত্মক যুদ্ধ দর্শককে ভীষণ আনন্দ দিয়েছে নাটকটিতে।










