অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমা ‘ডিয়ার মা’। এতে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সম্পর্ক, অনুভব, টানাপড়েন নিয়ে তৈরি সিনেমাটি। গতকাল সন্ধ্যায় মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের এ ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানাপড়েন।
‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?’ এটা হলো ডিয়ার মা সিনেমার ট্যাগলাইন। সিনেমার শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। সিনেমায় একজন মা ও মেয়ের সম্পর্কের টানাপড়েন দেখানো হবে।
ট্রেলার দেখে মনে হয়েছে সিনেমায় জয়ার মেয়ে, খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। কোনো এক কারণে মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়। পুলিশের কাছে মেয়ের নামে মিসিং ডায়েরি করেন জয়া। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। আপাতদৃষ্টে গোটা ব্যাপারটা যতটা সহজ-সরল মনে হয়, হয়তো ততটা সহজ নয়। মেয়ের ব্যাপারে সব কি সত্যি বলছেন জয়া? কিছু গোপন রাখা হচ্ছে না তো?

যেখানে রক্তের সম্পর্ক নেই, সেখানে কি সত্যি জিততে পারবে ভালোবাসা? মায়ের প্রতি মেয়ের ঘৃণার নেপথ্যে রয়েছে কোন গভীর কারণ? মা-মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কি লুকিয়ে রয়েছে কোনো অজানা ইতিহাস? সেটা জানা যাবে ১৮ জুলাই সিনেমাটি মুক্তির দিন।
এদিকে জয়া অভিনীত এ সিনেমার ট্রেলার শেয়ার করেছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন নিজে। শুক্রবার সকালে বিগ বির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বিশ্বাসই করতে পারেননি পরিচালক ও প্রধান অভিনেত্রী। ‘টনিদা আমার অনেক শুভেচ্ছা রইল’—এ বার্তা পেয়েই বাকরুদ্ধ অনিরুদ্ধ। তার কথায় এটা শুধু শুভেচ্ছা নয়, আশীর্বাদ। মনে হলো কেউ কাঁধে হাত রেখে বলছে চল এগিয়ে যাই।
অন্যদিকে ওই মুহূর্তে বিমানবন্দরে বসে জয়া আহসান পড়ছিলেন একের পর এক শুভেচ্ছাবার্তা। অমিতাভ বচ্চনের মতো আইকন তাদের সিনেমার পাশে দাঁড়িয়েছেন, শেয়ার করেছেন ট্রেলার—এটা তার কাছে ‘পরম পাওয়া’। জয়া বলেন, ‘আমাদের বড় হয়ে ওঠা যাকে দেখে, সেই মানুষ আজ আমার কাজের পাশে দাঁড়িয়েছেন। এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব।’
পরিচালক অনিরুদ্ধ জানান, ‘ছবির নামে যেহেতু মা রয়েছে, সেখানে মায়ের আশীর্বাদ না থেকে পারে না। গল্পটা বলার ইচ্ছা থেকেই সিনেমা বানানো, ফলাফল যা-ই হোক, মন দিয়ে কাজ করেছি। ছোটবেলা থেকে মা সেটাই শিখিয়েছিলেন।’
জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্লাটফর্ম জিফাইভে। সিনেমাটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরলেন অনিরুদ্ধ।
সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। এতে আরো আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
ডিয়ার মা হতে যাচ্ছে তিন মাসে জয়ার চতুর্থ সিনেমা। গত ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। এছাড়া এবারের ঈদের আলোচিত দুই সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এ দেখা গেছে জয়াকে। কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং উপলক্ষে জয়া এখন রয়েছেন কলকাতায়। সিনেমার শুটিং শেষ পর্যায়ে। এর পরই তিনি যুক্ত হবেন ডিয়ার মা সিনেমার প্রচারে।










