প্যারেডকে দেয়া একটি সাক্ষাত্কারে ‘অ্যাভেঞ্জারস’ অভিনেত্রী, ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট জোহানসন তার ক্যারিয়ারের শুরুর দিকের অনেক কথা বলেছেন। বলেছেন আক্ষেপের কথা। তার কথা ক্যারিয়ারে যে কাজই করেছেন সেখানে তিনি ছিলেন বিকল্প অভিনেত্রী, তিনি কখনো প্রথম পছন্দ ছিলেন না।

জোহানসন বলেন, ‘অল্প বয়স থেকেই আমি ক্রমাগত প্রত্যাখ্যাত হয়েছি। কোনো কাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আপনি যদি সেই কাজটি পান তাহলে সেটি অনেক বেশি আনন্দের। আমার ক্যারিয়ার মূলত তৈরি হয়েছে কোনো চরিত্রের জন্য দ্বিতীয় পছন্দ হিসেবে।’

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ব্ল্যাক উইডো চরিত্রে জোহানসন দুনিয়াজুড়ে পরিচিত হলেও প্রাথমিকভাবে তার এ চরিত্রে অভিনয় করার কথা ছিল না। সময়সূচির অমিলের কারণে এমিলি ব্লান্ট বাদ পড়ার পর জোহানসনকে এ চরিত্রের জন্য মনোনীত করা হয়।

এর আগেও জোহানসনের কাজ নিয়ে সমালোচনা হয়েছে। ‘রাব অ্যান্ড টাগ’ সিনেমায় তার অভিনীত চরিত্র নিয়ে অনেকেই সন্তুষ্ট ছিলেন না। ট্রান্স চরিত্রে একজন ট্রান্সজেন্ডার অভিনেত্রীর অভিনয় করা উচিত ছিল বলে অনেকে সমালোচনা করেন। পরে জোহানসন নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নেন।

সেই সময়, অর্থাৎ ২০১৯ সালে অ্যাজ ইফ ম্যাগাজিনকে দেয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘আপনি জানেন, একজন অভিনেত্রী হিসেবে আমাকে যেকোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর চরিত্রে অভিনয় করতে হতে পারে। কারণ এটি আমার কাজ এবং আমার কাজের প্রয়োজন। এখন অভিনয় নিয়ে প্রচুর সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ দেখা যাচ্ছে।’

জোহানসনের পরবর্তী সিনেমা ‘ব্ল্যাক উইডো’ আগামী ৬ নভেম্বর মুক্তি পেতে চলেছে।

 সূত্র: পিংকভিলা