জনপ্রিয় ব্যান্ড আভাস তাদের নতুন গান ‘সত্তা’ প্রকাশ করেছে। এর উদযাপন উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের একটি মিউজিক স্টোরে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল, রাশেদ শরীফ ও জয় শাহরিয়ার, এছাড়া উপস্থিত ছিলেন ব্যান্ড ট্রাপ, হাইকিং, হাইওয়ে, শহরতলীসহ সংগীত অঙ্গনের অনেক শিল্পী।
ব্যান্ডের ভোকাল তানযীর তুহীন বলেন, ‘ব্যক্তিজীবনে আমরা সবাই একটা সত্তা নিয়ে বেড়ে উঠি। জীবনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে প্রত্যেকেই নিজের সত্তাকে খুঁজে পাই। এই গান সেই খোঁজের গল্প।’
তিনি আরো যোগ করেন, ‘মানুষ যেন সবার সত্তাকে চিনতে পারে, নিজেকে ভালো রাখতে পারে, এটিই আমাদের বার্তা।’
সত্তা গানটি পরিচালনা করেছেন মুন্তাকিম আল মাহিন, প্রযোজনা করেছেন সোহাগ চৌধুরী। গানের কথা লিখেছেন তানযীর তুহীন, সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ। অডিও মিক্স ও মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব।
গানটির অডিও ও ভিডিও সংস্করণ পাওয়া যাচ্ছে আভাসের ফেসবুক পেজ ও অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়া গানটি শোনা যাচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আইটিউনসসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় ওটিটি প্লাটফর্মে। শ্রোতাদের উপহার দিতে শুরু থেকেই ব্যান্ড আভাস প্রকাশ করেছে পাঁচটি মৌলিক গান ‘মানুষ-১’, ‘আভাস’, ‘বাস্তব’, ‘অনাথ’ ও ‘ক্যামেরা’।
বর্তমানে ব্যান্ড আভাসের সদস্যরা হলেন তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ গিটার), হিমেল সারিয়ার (গিটার), আরাফাত শাওন (কি-বোর্ড) ও রাশেদ জনি (ড্রামস)।










