সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। রাজনীতি থেকে শুরু করে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শোকবার্তায় ভরে উঠেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরাও তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশের কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বণিক বার্তাকে জানিয়েছেন শোক প্রতিক্রিয়া—

খালেদা জিয়ার প্রয়াণে রাজনীতিতে এক আপসহীন নেত্রীকে হারাল দেশ। দেশের অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনের মানুষের সঙ্গে শোক জানিয়েছেন জয়া আহসান। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য। সামরিক–শাসনবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চিরপ্রশান্তি লাভ করুক।’