রবার্ট প্যাটিনসন। ভৌতিক সিনেমায় কম অভিনয় করেননি। কিন্তু সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে জানালেন চমকপ্রদ তথ্য। ভৌতিক সিনেমা দেখতে ভয় পান ‘টোয়াইলাইট’ খ্যাত এ তারকা।
চলতি মাসেই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে প্যাটিনসন অভিনীত সিনেমা ‘মিকি ১৭’। সিনেমার পরিচালক বং জুন হোর সঙ্গে আলাপচারিতায় তিনি তুলে ধরেছেন, কেন তিনি প্রাপ্তবয়স্ক অবস্থায় আর ভৌতিক সিনেমা দেখতে পারেন না। তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, অনেক ভৌতিক জিনিস দেখতাম। মজাও পেতাম। অদ্ভুত ব্যাপার হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর এখন আর হরর সিনেমা দেখতে পারি না। যদিও এর উল্টোটা হওয়ার কথা ছিল। মানুষ যত বড় হবে, ভৌতিক সিনেমায় ভয় তত কমবে।’
তার পরিবর্তনটা বাবা হওয়ার পর শুরু হয়েছে কিনা জানতে চাইলে প্যাটিনসন জানান, ভৌতিক সিনেমার প্রতি তার ভয় আগেই শুরু হয়েছে।
উদাহরণ হিসেবে প্যাটিনসন তুলে ধরেন সাম্প্রতিক এক ঘটনাকে। তিনি এতটাই ভয় পেয়েছিলেন, সত্যিকার অর্থেই রান্নাঘরের ছুরি হাতে ঘুমিয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘একবার এক পরিচালকের সঙ্গে মিটিং করি। তিনি একটি ভৌতিক সিনেমা তৈরি করেছেন। আমি সেটা দেখেছি। তখন হঠাৎ মনে হচ্ছিল যেন কেউ আমার বাড়িতে ঢুকে পড়ছে। তাই আমি আমার সোফায় বসে দুটি ছুরি নিয়ে অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম লোকটা ভেতরে আসবে। আমি গলার কাছে ছুরিগুলো নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ি। এক সময় সুকি এসে ডেকে তোলে। জানতে চায়, মুখের কাছে দুটো ছুরি নিয়ে ঘুমাচ্ছি কেন।’
প্যাটিনসন সেই ভৌতিক সিনেমার পরিচালকের নাম উল্লেখ করেননি, তবে সম্ভবত সিনেমাটির নাম ‘স্মাইল’, যার নির্মাতা পার্কার ফিন। গত বছর বিনোদন গণমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’ জানিয়েছিল, প্যাটিনসন ফিনের সঙ্গে মিলে ‘পজেশন’ সিনেমার রিমেক তৈরি করতে যাচ্ছেন। পজেশন ছিল পোলিশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেজ জুলাউস্কির লেখা ও পরিচালনায় ১৯৮১ সালের নির্মাণ। সিনেমাটি সাইকোলজিক্যাল হরর হিসেবে বিশেষ স্থান দখল করে আছে।
সূত্র ও ছবি: হলিউড রিপোর্টার










