টম ক্রুজের অনেক সিনেমাই কাল্ট ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে। এর মধ্যে রেইন ম্যান অন্যতম। তবে এ সিনেমায় তিনি অভিনয় করতেন না। ছোট বোনের কথায়ই যুক্ত হয়েছিলেন সিনেমাটিতে। সম্প্রতি লন্ডনে বিএফআইয়ে (ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট) এক দীর্ঘ কথোপকথনে বিষয়টি জানান টম ক্রুজ। তিনি মনে করেন, তার ক্যারিয়ার তৈরির পেছনে এ সিনেমার অবদান আছে। এছাড়া জানান, সিনেমাটির বিষয়ে কথা বলতে নিউইয়র্কের এক রেস্টুরেন্টে তিনি দেখা করেছিলেন ডাস্টিন হফম্যানের সঙ্গে।
১৯৮৪ সালে টম তখন রিডলি স্কটের ‘লেজেন্ড’ শুট করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। সে সময়ই একদিন তার কোনো ক্যাসের সঙ্গে একটি রেস্টুরেন্টে বসে ছিলেন এবং ক্যাসই ডাস্টিন হফম্যানকে ওই রেস্টুরেন্টে দেখেন। সে কথা স্মরণ করে টম বলেন, ‘ও আমাকে হুট করে বলল, ‘‘ওই দেখো, ওখানে ডাস্টিন হফম্যান বসে আছেন। তুমি ওখানে যাও আর তাকে হ্যালো বলো।’’ আমার বলার কোনো ইচ্ছাই ছিল না। নিজে থেকে কারো সঙ্গে কথা বলা আমার স্বভাবে ছিল না। কিন্তু ও আমাকে এক রকম ঠেলেই পাঠাচ্ছিল।’
বিএফআইয়ে টম ক্রুজের সাক্ষাৎকারের সময় তার বোনও উপস্থিত ছিলেন। সে কারণেই হয়তো টম খুব মজা করেই আলাপটা করছিলেন। তিনি বলেন, ‘এরপর এমন অবস্থা হলো যে ও আমাকে হুমকি দিল যে আমি নিজে গিয়ে কথা না বললে ও-ই গিয়ে তাকে বলবে আমি কে। কিন্তু আমি জানতাম, ডাস্টিন হফম্যান আমাকে চিনবেন না। তাই বিষয়টা আমার জন্য অপমানজনক হবে।’
কিন্তু বাস্তবে তা হয়নি। ক্যাসের পীড়াপীড়িতে টম ক্রুজ গিয়েছিলেন কথা বলার জন্য এবং হফম্যান তাকে চিনে নিয়েছিলেন সহজেই। টম ক্রুজ বলেন, ‘আমি তার কাছে গিয়ে বললাম, মাফ করবেন মিস্টার হফম্যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। তিনি মুখ তুলে আমাকে দেখেই বললেন, ‘‘ক্রুজ’’।’
সেদিনের আলাপ খুব সৌহার্দ্যপূর্ণ হয়েছিল। আলাপের এক পর্যায়ে হফম্যান টম ও তার বোনকে ‘ডেথ অব আ সেলসম্যান’ সিনেমার টিকিট দেন। সিনেমার প্রস্তাবও এর পরই আসে। টম বলেন, ‘বিদায় নেয়ার সময় তিনি আমাকে এক সময় বললেন, ‘‘আমি একটা সিনেমায় তোমার সঙ্গে অভিনয় করতে চাই।’’ সেটা শুনে আমি বলেছিলাম, তাহলে খুব ভালো হয়। একটা সময় তিনি আমাকে রেইন ম্যানের প্রস্তাব পাঠান।’
ব্যারি লেভিনসন পরিচালিত রেইন ম্যান মূলত দুই ভাইয়ের কাহিনী। সেই সঙ্গে সিনেমাটিকে রোড ড্রামাও বলা হয়। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া রেইন ম্যান পরের বছর অস্কারে সেরা সিনেমা মনোনীত হয়। এছাড়া সেরা পরিচালকের পুরস্কার পান লেভিনসন এবং সেরা অভিনেতা ডাস্টিন হফম্যান ও সেরা চিত্রনাট্য মিলিয়ে চারটি অস্কার পেয়েছিল রেইন ম্যান। এ সিনেমার জন্য টম ক্রুজ বড় কোনো পুরস্কার না পেলেও তিনি সিনেমার অভিনেতা হিসেবে এর পুরস্কারগুলোর অংশীদার।
টম ক্রুজ এ সময় লন্ডনে অবস্থান করছেন। তিনি বিএফআই ফেলোশিপ পাচ্ছেন। এটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সর্বোচ্চ সম্মাননা।
সূত্র: ভ্যারাইটি










