সান দিয়েগো কমিক-কনের হল এইচে ঘোষিত এ দুই প্রকল্পই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) পরবর্তী ধাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
মার্ভেলের নতুন পরিকল্পনা অনুসারে, ২০২৮ সালের ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘ব্ল্যাক প্যান্থার থ্রি’। সিনেমায় ডেভিড জনসন অভিনয় করবেন প্রিন্স টি’চালা টু চরিত্রে। তিনি হবেন টি’চালা ও নাকিয়ার ছেলে। দর্শক প্রথম তাকে শিশু হিসেবে দেখেছিল ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এ। নতুন সিনেমার গল্পে সে শিশুর প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার যাত্রাই তুলে ধরা হবে।
আগের দুটি সিনেমার পর এবারো পরিচালনায় ফিরছেন রায়ান কুগলার। পাশাপাশি লেটিশিয়া রাইট আবারো শুরি চরিত্রে এবং উইনস্টন ডিউক এম’বাকু চরিত্রে অভিনয় করবেন।
২০২০ সালে ৪৩ বছর বয়সে কোলন ক্যান্সারে মারা যান প্রথম ব্ল্যাক প্যান্থার চ্যাডউইক বোসম্যান। তার মৃত্যুর পর ওয়াকান্ডা ফরএভারে শুরি ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব গ্রহণ করেন। এবার সেই উত্তরাধিকারের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে টি’চালা টুকে কেন্দ্র করে।
এবার মার্ভেলের আরেকটি বড় চমক রায়ান গসলিং। ‘প্রজেক্ট হেইল মেরি’ করে দারুণ প্রশংসিত এ অভিনেতাকে কাস্ট করা হচ্ছে ঘোস্ট রাইডারে। তাকে নিয়ে ঘোস্ট রাইডারের একটি স্বতন্ত্র সিনেমা নির্মাণ হবে। পরিচালনা করবেন শন লেভি। তিনি এর আগে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করেছেন। ঘোস্ট রাইডারের নতুন সিনেমাটিও ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা।

ডেভিড জংসন
হল এইচের মঞ্চে লেভি বলেন, ‘গসলিংয়ের সঙ্গে ‘‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’’-এ কাজ করার সময়ই ঘোস্ট রাইডার নিয়ে তাদের আলোচনা শুরু হয়। সে আলোচনা থেকেই নতুন এ প্রকল্পের জন্ম।
গসলিং বড় পর্দায় ঘোস্ট রাইডার চরিত্রে অভিনয় করা দ্বিতীয় অভিনেতা। এর আগে নিকোলাস কেজ ২০০৭ সালের ঘোস্ট রাইডার এবং ২০১১ সালের ‘ঘোস্ট রাইডার: স্পিরিট অব ভেঞ্জেন্স’-এ মোটরসাইকেল স্টান্টম্যান জনি ব্লেজ চরিত্রে অভিনয় করেছিলেন। পরে ‘এজেন্টস অব শিল্ড’ সিরিজে গ্যাব্রিয়েল লুনা কমিকসের রবি রেয়েস সংস্করণের ঘোস্ট রাইডার চরিত্রে অভিনয় করেন।
ঘোস্ট রাইডার মার্ভেলের অন্যতম জনপ্রিয় চরিত্র। রায়ানকে এ চরিত্রে দর্শক ভালোভাবে গ্রহণ করবেন বলেই মনে হয়। এছাড়া ব্ল্যাক প্যান্থার নতুন স্পিরিটে ফিরবে বলেও ধারণা করা যাচ্ছে।
দুটি ঘোষণার মধ্যে একটি মিল স্পষ্ট। মার্ভেল তাদের পরিচিত চরিত্রগুলোকে নতুন প্রজন্মের মাধ্যমে এগিয়ে নিতে চাইছে। ব্ল্যাক প্যান্থার ফ্র্যাঞ্চাইজিতে টি’চালা টুর আগমন বোসম্যানের উত্তরাধিকারকে নতুনভাবে বহন করবে। অন্যদিকে দীর্ঘদিন পর ঘোস্ট রাইডার চরিত্রটিকেও নতুন অভিনেতা ও নতুন দৃষ্টিভঙ্গিতে এমসিইউতে যুক্ত করা হচ্ছে।
এদিকে কমিক-কনে উন্মোচন করা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে নতুন অ্যাভেঞ্জার্স ও ফ্যান্টাস্টিক ফোরের বিরুদ্ধে রীতিমতো একটি সেনাদল তৈরি করেছে ডক্টর ডুম। এ চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এ বছরই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সূত্র: ভ্যারাইটি










