সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্টে সংগীতের মাধ্যমে তুলে ধরা হয় জুলাইয়ের স্মৃতি, ঐক্যের বার্তা ও গণতান্ত্রিক চেতনা। বিকাল থেকে রাত পর্যন্ত জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মুখর ছিল দুই ভেন্যু। এতে অংশ নেন বিভিন্ন বয়সী হাজারো দর্শক-শ্রোতা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। বিনামূল্যের এ আয়োজনে বেলা ১টায় প্রবেশদ্বার খুলে দেয়া হয়। বেলা ৩টা থেকে কনসার্টের মূল আয়োজন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সঙ্গী করেই চলতে থাকে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। হাজারো দর্শক প্রিয় শিল্পীদের গান উপভোগ করেন। বিকাল ৫টার দিকে মঞ্চে ওঠে জনপ্রিয় ব্যান্ড লালন। শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান আর দর্শকদের সঙ্গে প্রাণবন্ত কথোপকথনে মাতিয়ে রাখেন ব্যান্ডটির ভোকাল সুমি।
মঞ্চে উঠে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে সুমি বলেন, ‘হ্যালো ঢাকা, সবাই ভালো? সময় নেব না, গান।’
এর পরই তিনি পরিবেশন করেন লালনের জনপ্রিয় দুটি গান ‘জাত গেল’ ও ‘সময় গেলে সাধন হবে না’।
গান শেষে সুমি বলেন, ‘৯০-এর দশক থেকে গান গেয়ে আসছি, আর কোনো কিছু বলার নাই।’ এরপর তিনি পরিবেশন করেন ‘এক চোখেতে হাছন, আরেক চোখেতে লালন’। একপর্যায়ে মঞ্চ থেকে নেমে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন সুমি। পরে আবার মঞ্চে উঠে পরিবেশন করেন ‘চাঁদের বাড়ি’।
এরপর তিনি গেয়ে শোনান ‘পাগল ছাড়া দুনিয়ায় চলে না’। একের পর এক জনপ্রিয় গান আর দর্শকদের উচ্ছ্বসিত অংশগ্রহণে বৃষ্টিভেজা সন্ধ্যায় জমে ওঠে লালনের পরিবেশনা। সবশেষে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে মঞ্চ ত্যাগ করে ব্যান্ডটি। এরপর কনসার্টে একে একে মঞ্চে ওঠে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, হাইওয়ে ও এসেইস। নিজেদের জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি শিল্পীরা জুলাইয়ের চেতনা, মানুষের ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের বার্তাও তুলে ধরেন।
অন্যদিকে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন-এয়ার কনসার্ট। ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’-এর আয়োজনে হওয়া এ অনুষ্ঠানে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ ছাতা নিয়ে কিংবা বৃষ্টিতে ভিজেই উপভোগ করেন কনসার্ট।
জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ কনসার্টে বেলা ৩টা ৫৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিকাল ৪টা ২০ মিনিটে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋজু মোর্শেদ ও তার দলের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।
মুক্তমঞ্চের এ আয়োজনে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক (হাসান), অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও ব্যান্ড নীল। পাশাপাশি আর্বোভাইরাস, পারসা, র্যাপার সেজান, নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান এবং কাজী আহনাফ তাহমিদ ও আসিফের পরিবেশনা দর্শকদের নজর কাড়ে।










