টম ক্রুজ নাকি বিয়ে করছেন আবার। পাত্রী হিসেবে নাম এসেছে আনা দে আরমাসের। টম ও আনা সম্পর্কে আছেন তা জুলাইয়েই নিশ্চিত করেছিল বেশকিছু গণমাধ্যম। তাদেরকে ভারমন্টে একান্ত সময় কাটাতে গিয়ে হাতে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল। হলিউড এখন শুধু নিকোল কিডম্যান ও কিথ আরবানের বিচ্ছেদ নিয়ে আলোচনায় ব্যস্ত নয়। গুঞ্জন উঠেছে, টম ক্রুজ তার প্রেমিকা আনা দে আরমাসের সঙ্গে সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে প্রস্তুত। এমনকি শোনা যাচ্ছে, তারা স্কাইডাইভিং করতে করতেই বিয়ে করার কথাও ভাবছেন!
রাডার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, টম ও আনা চান তাদের বিয়ে যেন মিশন: ইম্পসিবলের মতো ‘চমকপ্রদ’ কিছু হয়। যদিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে বাগদান করেননি, তবে নাকি এরই মধ্যে তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত।
হলিউডের অভ্যন্তরীণ এক সূত্র জানিয়েছে, ‘তাদের মধ্যে যে বিষয়টি দুজনকে সবচেয়ে বেশি যুক্ত করে তা হলো দুজনেরই দুঃসাহসিক কাণ্ড করার প্রতি ভালোবাসা। তাই এ ধরনের একটি থিমভিত্তিক বিয়ে তাদের দুজনের কাছেই দারুণ আকর্ষণীয়। টম সবকিছু বড় আকারে ভাবতে পছন্দ করেন। তিনি মহাকাশ ভ্রমণের ব্যাপারে দারুণ আগ্রহী। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে বিয়ে করার চিন্তাও করেছেন! এছাড়া তারা আকাশে স্কাইডাইভ করতে করতেই বিয়ের শপথ নেয়ার কথাও ভাবছেন।’
৬৩ বছর বয়সী Top Gun তারকা টম ক্রুজ ৩৭ বছর বয়সী আনা দে আরমাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এখনো খুব গোপনীয়। তারা এ বছর শুরুতে একসঙ্গে হওয়ার পর থেকে সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










