দীর্ঘ প্রতীক্ষার পর আবারো ঢাকায় পারফর্ম করতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। দেশীয় ভক্তদের জন্য সুখবরটি এটাই যে বছর ঘুরতেই তারা রাজধানীতে তাদের তৃতীয় কনসার্টের জন্য প্রস্তুত।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকায় আসার খবর দেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট ও সদস্য গওহর মমতাজ। নিজের ফেসবুক পেজে দুটি স্টোরি শেয়ার করে তিনি জানান, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’ পরবর্তী স্টোরিতে বাংলাদেশের পতাকার আবহে গিটার বাজিয়ে পারফর্ম করার একটি এআই অ্যানিমেটেড ছবি শেয়ার করা হয়, যেখানে লেখা থাকে, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শিগগিরই।’
ঢাকার এবারের কনসার্টটি এ ব্যান্ডের তৃতীয় সফর। প্রথমবার তারা ২০১৯ সালে ও দ্বিতীয়বার ২০২৪ সালে ঢাকায় ভক্তদের মন জয় করেছিল। তবে এবারের অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। ঢাকার এক আয়োজক সূত্র জানিয়েছে, শিগগিরই কনসার্টের তারিখ, স্থান ও টিকিটসংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার আশা করা হচ্ছে।
জাল ব্যান্ডের যাত্রা শুরু হয় ২০০২ সালে, আতিফ আসলাম ও গওহর মমতাজের হাত ধরে। ২০০৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ প্রকাশ পায়, যা শোনার পর বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে ব্যান্ডের সক্রিয় সদস্যরা হলেন গওহর মমতাজ, আমির আজহার ও সালমান আলবার্ট।
ফ্যানরা এরই মধ্যে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, ঢাকার এ কনসার্ট সংগীতপ্রেমীদের জন্য বিশেষ এক স্মরণীয় সাংস্কৃতিক মুহূর্ত হয়ে থাকবে।










