দর্শকপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। গত কয়েক বছরে তিনি সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। নয় মাস আগে দীপা খন্দকার মুরাদ পারভেজের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘শেষের গল্প’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলেন। অবশেষে নাটকটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে এনটিভি। আগামী ৪ জুলাই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। নাটকে দীপা খন্দকারের বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন। এদিকে গত ঈদ থেকে ‘দীপ্ত প্লে’তে প্রচার চলছে দীপা খন্দকার অভিনীত মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাইড এন সিক’ ওয়েব ফিল্মটি। এ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্যও দীপা বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। ‘মাতৃত্ব’খ্যাত চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমায়ও দীপা খন্দকার অভিনয় করেছেন। এ সিনেমাও রয়েছে মুক্তির অপেক্ষায়। নিজের বর্তমান কাজ ও প্রচারিত কাজগুলো প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এ মুহূর্তে আসলে আগের তুলনায় কাজ কম হচ্ছে। তার পরও যে কাজগুলোই করছি চেষ্টা করছি ভালো গল্পের বিষয়টা মাথায় রাখার পাশাপাশি নিজের চরিত্রটিও যেন নিজের অন্তত ভালো লাগে। বাকিটা তো আসলে দর্শকের ওপর নির্ভর করে সবসময়ই। ওয়েব ফিল্ম হাউড অ্যান্ড সিকে আমার চরিত্রটি নিয়ে আমি সন্তুষ্ট। মাহমুদুর রহমান হিমি খুব মন দিয়ে যত্ন করে ফিল্মটি নির্মাণ করার চেষ্টা করেছেন। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ঋতুকামিনীর গল্পটাও খুব সুন্দর। জাহিদ ভাই নিঃসন্দেহে গুণী নির্মাতা। তিনি তার মেধা দিয়ে চেষ্টা করেছেন একটি ভালো সিনেমা নির্মাণের। আমি আশাবাদী এ সিনেমা নিয়ে।’ দীপাকে নিয়ে প্রথম নাটক নির্মাণ প্রসঙ্গে মুরাদ পারভেজ বলেন, ‘দীপার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। কিন্তু কেন যেন এত দিন কাজ করা হয়ে ওঠেনি। অবশেষে আমাদের একসঙ্গে কাজ করা হলো। নিঃসন্দেহে দীপা একজন গুণী অভিনেত্রী। প্রথমবার একসঙ্গে কাজ করে ভালো লাগল।’ দীপা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ভাইজান এলো রে’, ‘পায়ের ছাপ’, ‘অপরাজেয়’, ‘জিনটু’, ‘ডার্ক ওয়ার্ল্ড’।