সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। রাজনীতি থেকে শুরু করে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শোকবার্তায় ভরে উঠেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরাও তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশের কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বণিক বার্তাকে জানিয়েছেন শোক প্রতিক্রিয়া—
বেগম খালেদা জিয়ার মৃত্যু মূলত বাংলাদেশের এক উজ্জ্বল, লড়াকু রাজনৈতিক নক্ষত্রের বিদায়। সাধারণত সমাজে আমরা সবখানেই কমবেশি আপস করতে দেখি। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতন্ত্র সমুন্নত রাখার লড়াইয়ে সেই আশির দশক থেকে এই একটি মাত্র মানুষ ছিলেন, যিনি আপস না করে কষ্টের জীবন বেছে নিয়েছিলেন। কারণ তিনি জানতেন, তিনি সঠিক পথে আছেন। দেশের মানুষের অধিকারের পক্ষে আছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে আছেন। গৃহবধূ থেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার পরে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নেয়া তার অনেক সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা আছে এবং থাকবেও। কিন্তু সমালোচনার প্রতি সহনশীলতা এবং কঠিন কঠিন সময়ে তার এ আপসহীনতা জাতিগতভাবে আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।










