২০২৫ সালের ১০ ও ১১ জানুয়ারি প্রথমবারের মতো কনসার্ট করতে ঢাকায় আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কাবিশ। বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
এক ঘোষণার মাধ্যমে জানানো হয়, অপেক্ষার পালা শেষ! এ শীতে কাবিশ ও তার প্রাণময় সুর আপনাদের অন্য এক ভুবনে নিয়ে যেতে ঢাকায় আসছে। তার টিকিটও ছাড়া হয়েছে। সুন্দর একটি সন্ধ্যার জন্য সবাই প্রস্তুত হোন।
টিকিটভাই নামের একটি অনলাইন টিকিট প্লাটফর্মে এর টিকিট ছাড়া হয়েছে। টানা দুদিনের এ কনসার্টে প্রথম দিন গান পরিবেশন করবে কাবিশ, বাংলাদেশী ব্যান্ড লেভেল ফাইভ ও শূন্য।
প্রথম দিনের টিকিট মূল্য ধার্য করা হয়েছে ৪ হাজার টাকা। দ্বিতীয় দিনের টিকিট মূল্য একই থাকলেও এদিন কাবিশের সঙ্গে মঞ্চ মাতাবেন আরমিন মুসা, অর্ণব ও সুনিধি নায়েক।
এদিকে আগামীকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত পাকিস্তানি সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান। জানা গেছে, তিনি বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন। এ কনসার্ট থেকে আয় করা অর্থ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নানও গান পরিবেশন করবেন। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক ও মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্নার থাকবে।










