‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন নাট্যনির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। অভিনয় নয় বরং নাটক নির্মাণেই বেশি ব্যস্ত থাকেন তিনি। এবার এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক মুসিবত আনলিমিটেড। নাটকটি রচনা করেছেন মশিউর রহমান।
সহীদ উন নবী জানান, এ ধারাবাহিকের তিন বা দুই পর্বে একটি পর্বের গল্প শেষ হবে। শুরুর পর্বটির নাম ‘ডিসকো বুয়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এ পর্বে ভাই আর বোনের চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও আলোচিত অভিনেত্রী সামান্তা পারভেজ।
এরই মধ্যে রাজধানীর উত্তরার ‘দোলনচাঁপা’ শুটিং হাউজে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান দোলনচাপার সার্বিক তত্ত্বাবধায়ক উত্তম। কমেডি ঘরানার এ নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে প্রবল বিশ্বাস সহীদ উন নবীর। নবী বলেন, ‘ডিসকো বুয়া চরিত্রে তানিয়া বৃষ্টি কি যে দারুণ পারফর্ম করেছেন, তা নাটকটি প্রচারের পর দর্শক অনুভব করতে পারবে। বৃষ্টি এমনিতেই ভীষণ ভালো অভিনয় করে। এ চরিত্রও যেন শতভাগ ফুটিয়ে তুলেছে। শামীম সামান্তাও চমৎকার অভিনয় করেছেন।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু ডিসকো বুয়ার চরিত্রটি একেবারেই আলাদা। তার চালচলন, কথাবার্তা, পান খাওয়া ও ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ সব মিলিয়ে চরিত্রটি ভীষণ ভালো লেগেছে। আমি পূর্ণ মনোযোগ দিয়ে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী আমি কাজটি নিয়ে।’ শামীম বলেন, ‘বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসেবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। সামান্তার অভিনয়ে আরো ভালো করার চেষ্টা দুর্দান্ত। নবী ভাইয়ের এ নাটক দর্শক সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’
নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, দিলু খন্দকার। এদিকে ৪-৫ ডিসেম্বর বৃষ্টি-শামীম নতুন আরেকটি একক নাটকে কাজ করবেন।










