নতুন বছর ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন ভাবনা ও পরিকল্পনা। পুরনো বছরের অভিজ্ঞতা পেছনে রেখে সামনে এগিয়ে যেতে চান শিল্পীরা। ভালো ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। কয়েকজন শোবিজ তারকা বণিক বার্তাকে জানিয়েছেন তাদের নতুন বছরের পরিকল্পনা ও প্রত্যাশার কথা। তাদের এ পরিকল্পনার কথা শুনেছেন অহিদুর রহমান

আমি মিডিয়ায় যতদিন কাজ করছি, সেই দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা নিয়েই নতুন বছর শুরু করতে চাই। ২০২৫ সালের একটি মূল্যবান উপলব্ধি হলো—নিজের কাজটা শেষ পর্যন্ত নিজেকেই করতে হয়। এ উপলব্ধিকে ভিত্তি করে আরো দায়িত্বশীলভাবে এবং আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। নতুন বছরে কাজের পরিকল্পনা ও প্রত্যাশা আগের বছরের মতোই। ভালো কাজ করা, দর্শকপ্রিয় কাজ উপহার দেয়া এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করার যে চেষ্টা, সেটিকে ধারাবাহিকভাবে বজায় রাখতে চাই। নতুন বছরে আমার অ্যারেঞ্জ ম্যারেজ নামে একটি কাজ রয়েছে, যেটি নিয়ে আমার ফ্যানবেজরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। বছরের শুরুতেই এটি মুক্তি পাবে।